আ.লীগ-বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা শিক্ষায় পিছিয়ে
সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে শিক্ষায় পিছিয়ে রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা। সম্পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। মামলায় এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী।
সম্পদে পিছিয়ে থাকলেও শিক্ষাগত যোগ্যতায় সবার ওপরে রয়েছেন জামায়াত-সমর্থিত প্রার্থী। জাতীয় পার্টি-সমর্থিত অপর প্রার্থী ঋণের দিক দিয়ে এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনে প্রার্থীদের দাখিল করা হলফনামা ঘেঁটে এসব তথ্য জানা গেছে। সিলেটের কানাইঘাট উপজেলায় সবচেয়ে সম্পদশালী আওয়ামী লীগ-সমর্থিত মো. নিজাম উদ্দিন। এসএসসি পাস নিজামের পেশা বাসা, ব্যাংক ও দোকান ভাড়া দেওয়া। তাঁর বার্ষিক আয় ছয় লাখ ৯৮ হাজার ৭৩৬ টাকা। তাঁর দুই কোটি ৭৯ লাখ ৬০ হাজার ৫৪৬ টাকার সম্পদের পাশাপাশি ২১ একর কৃষিজমি, তিনটি দালান এবং যৌথ মালিকানায় দুই একর অকৃষিজমি রয়েছে। সম্পদে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মো. আবদুর রহিম। মাস্টার্স পাস রহিম বিভিন্ন প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক হিসেবে রয়েছেন। তাঁর আয় এক লাখ ৮০ হাজার টাকা। সম্পদ রয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৪৫ টাকার। সম্পদের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আশিক উদ্দিন চৌধুরী। অন্য প্রার্থীদের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তাঁর বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল। এর মধ্যে একটি বিচারাধীন এবং একটি স্থগিত রয়েছে। স্বশিক্ষিত ও ব্যবসায়ী আশিকের বার্ষিক আয় তিন লাখ ৪০ হাজার ২৫০ টাকা। তাঁর ছয় লাখ ৭৩ হাজার ৫০৫ টাকার সম্পদের পাশাপাশি কিছু কৃষি ও অকৃষিজমি পৈতৃক সম্পত্তি হিসেবে রয়েছে। মো. শাহাব উদ্দিন বিকম পাস। স্থানীয় নির্বাচন কমিশন আয়সংক্রান্ত ফরমটি সরবরাহ না করায় তাঁর বার্ষিক আয় জানা সম্ভব হয়নি। তাঁর দুই লাখ ৬৫ হাজার টাকার সম্পদ রয়েছে। একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হওয়ার সুবাদে তাঁর ঋণ রয়েছে দুই কোটি ৩৬ লাখ টাকা।
স্বশিক্ষিত থেকে বিকম: ছয় ভাইস চেয়ারম্যান প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত থেকে বিকম পাস।
গৃহিণীদের লড়াই: মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর সবাই গৃহিণী। তাঁদের চারজন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন। অপরজন নিজেকে ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন।