আ.লীগ-বিএনপির দ্বন্দ্ব দুর্ভোগে দুস্থ নারীরা
জামালপুরের সরিষাবাড়ীর ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতার দ্বন্দ্বে পাঁচ মাস ধরে ভিজিডির চাল পাচ্ছেন না ১৭০ জন দুস্থ নারী। দুই নেতার দ্বন্দ্বে চেয়ারম্যান পরিষদে না আসায় মানবেতর জীবন যাপন করছেন ওই নারীরা।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ভুক্তভোগী নারীরা জানান, ইউপি চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খানের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে ইউপি চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকছেন। ফলে গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এ ইউপির অধীন ১৭০ জন দুস্থ নারী ভিজিডির (দুস্থ গোষ্ঠীর উন্নয়ন সহায়তা) চাল পাননি।
জয়নগর গ্রামের ভিজিডি কার্ডধারী জহুরা বেগম (৪০) জানান, আওয়ামী লীগ ও বিএনপির বিরোধে পাঁচ মাস ধরে তিনি চাল পাচ্ছেন না। প্রতি মাসে পরিষদে চালের জন্য এসে খালি হাতে ফিরতে হয়। পরিবার পরিজন নিয়ে তিনি খুব কষ্টে দিন কাটাচ্ছেন।
চন্দনপুরের মাহফুজা বলেন, ‘চেরম্যান ইউনিয়ন বোডে না আসায় আমরা কাডের চাল পাইতাছি না।’ ইউপি চেয়ারম্যান হারুন বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ও তাঁর লোকজনের বাধায় পরিষদে যেতে পারছি না। তাই দুস্থ নারীরা ভিজিডির চাল পাচ্ছেন না।’ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বোরহান বলেন, ‘আমি ও আমার কোনো লোক চেয়ারম্যানকে বাধা দিইনি। স্থানীয় বিএনপির দুই পক্ষের বিরোধের কারণেই নির্বাচনের পর থেকে চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত। এ কারণে ইউনিয়নের সব রকম উন্নয়নকাজ বন্ধ রয়েছে।’
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাহিদা পারভীন বলেন, শিগগিরই দুই নেতার বিরোধ মীমাংসা করে ভিজিডির চাল বিতরণ করা হবে।