আ.লীগ-বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগ-বিএনপির তিনটি নির্বাচনী কার্যালয় ও একটি মাইক্রোবাস, দুটি মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ সময় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২১ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে তারুর দোকান নাকমস্থানে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী একরামুল হকের কর্মীদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে একরামুল হকের একটি নির্বাচনী প্রচার মাইক্রোবাসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার জের ধরে একরামের সমর্থকেরা সেখানে বিএনপির প্রার্থী মিনার চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে এবং দুটি দোকানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং আনন্দপুরে বিএনপির প্রার্থী মিনার চৌধুরীর বাড়িতে হামলার চেষ্টা করে। এরপর মিনার চৌধুরীর সমর্থকেরা হাসানপুর বোর্ড অফিস নামকস্থানে স্থাপিত একরামুল হকের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে। এ সময় সেখানে দুটি মোটরসাইকেলও পুড়ে যায়। বিএনপির সমর্থকেরা মুন্সিরহাট বাজারে একরামুল হকের একটি নির্বাচনী ক্যাম্পের চেয়ার-টেবিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় উভয়পক্ষে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী একরামুল হক এবং বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী তাঁদের নিজ নিজ নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য পরস্পরকে দায়ী করেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ উপজেলার মুন্সিরহাট, হাসানপুর ও তারুর দোকান এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের তিনটি নির্বাচনী ক্যাম্প, দুটি দোকান, একটি মাইক্রোবাস, দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং পুলিশের ২১ রাউন্ড গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনী থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং পুলিশ টহল অব্যাহত রয়েছে।