আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিন গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। তবে কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রেল চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। নগরে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও রিকশা চলাচল করছে স্বাভাবিকভাবে। তবে কোনো যাত্রীবাহী বাস দেখা যায়নি। নগরের দোকানপাট খোলা থাকলেও মার্কেটগুলো ছিল বন্ধ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল।
নগরের নাসিমন ভবনের বিএনপির কার্যালয়ের সামনে ছিল সকাল থেকে কড়া পুলিশি পাহারা। সকাল সাতটায় নগরের চট্টেশ্বরী রোড দিয়ে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতা-কর্মীরা ছাড়াও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন প্রমুখ অংশ নেন। পরে দিনভর নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে বক্তব্য দেন।
এদিকে বেলা সাড়ে ১১টায় হালিশহর বড়পোল এলাকায় হরতাল-সমর্থনকারীরা রাস্তায় ব্যারিকেড ও গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারা হলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে বলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান।
চান্দগাঁও আওয়ামী লীগের নেতা আইয়ুব খান জানান, নগরের চান্দগাঁও মৌলভীপুকুরপাড় এলাকায় আনোয়ার হোসেন নামের এক ছাত্রলীগের কর্মীকে একা পেয়ে বেধড়ক পিটুনি দেন হরতাল-সমর্থনকারীরা। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মৌলভীপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্য পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ এসে উভয় পক্ষকে শান্ত করে বলে চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ জানান।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার জানান, হরতালে নগরে কোনো অপ্রীতির ঘটনা ঘটেনি।