আ.লীগ-বিএনপির লড়াই, ভোটাররা শঙ্কিত
নোয়াখালীর কবিরহাট ও বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন চারজন। এর মধ্যে দুজন আওয়ামী লীগ ও দুজন বিএনপি-সমর্থিত প্রার্থী। তাই পৌরসভা দুটিতে নির্বাচনী লড়াই মূলত বড় দুই দলের মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। আর এ কারণেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে ভোটারদের শঙ্কা। অবশ্য গত শনিবার এই দুই পৌরসভায় নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েন করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সাংসদ ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা এবং বিএনপি-সমর্থিত প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র কামাল উদ্দিন চৌধুরী। কবিরহাটে প্রার্থী হয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করীম চৌধুরীর ভাগনে জহিরুল হক এবং পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফখরুল ইসলাম।ভোটাররা জানান, স্থানীয় সরকারের এই নির্বাচন রাজনৈতিক দলের প্রতীকে না হলেও পৌরসভাগুলোয় দুই রাজনৈতিক জোটের দুজন করে প্রার্থী হওয়ায় প্রচার-প্রচারণা থেকে শুরু করে সবকিছুতেই রাজনৈতিক দিক বেশি প্রাধান্য পাচ্ছে। এ কারণেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকা নিয়ে তাঁদের যত শঙ্কা।বসুরহাট বাজারের ব্যবসায়ী সিরাজ উদ্দিন বলেন, স্থানীয় সরকারের এই নির্বাচনকে রাজনৈতিকীকরণের কারণেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। কারণ, ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে এমনভাবে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, যার অর্থ—তাঁকে ভোট না দিলে এলাকার যেন উন্নয়নই হবে না।অবশ্য সব ধরনের শঙ্কা নাকচ করে দিয়ে কবিরহাটের রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ভোটের আগে-পরে ও ভোটের দিন পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর ব্যাপক টহল থাকবে। এর পরও কেউ কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করলে ভুল করবেন।