আ.লীগ-বিএনপির সংঘর্ষ, গুলিতে প্রাণ গেল ভ্যানচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে জাবের হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। এ ঘটনার জন্য দল দুটি পরস্পরকে দায়ী করেছে৷
নিহত জাবের (৪০) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সেবা গ্রামের মনতাজুল হকের ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের ছাত্রলীগ কর্মী সালাহ উদ্দিন গতকাল সকালে পাশেই বাশুকিপাড়ায় গেলে ছাত্রদল কর্মীরা তাঁকে মারধর করেন। এর জের ধরে ভদ্রগাঁও গ্রামের আওয়ামী লীগের কর্মীরা বাশুকিপাড়ায় গিয়ে হামলা চালান। কিন্তু বিএনপির কর্মীদের প্রতিরোধে তাঁরা চলে যান৷ পরে দুপুর ১২টার দিকে আমিশাপাড়া বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে৷ তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে পালাতে গিয়ে ভ্যানচালক জাবের গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষ চলাকালে আরও দুজন গুলিবিদ্ধ হন৷ তাঁরা হলেন: ব্যবসায়ী ফখরুল ইসলাম (২২) ও ছাত্রলীগ কর্মী মহিন (৩২)৷ এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী মো. বাহার (৩৫), পথচারী হারুনসহ (৩২) তিনজন আহত হন। সংঘর্ষ চলাকালে সাত-আটটি সিএনজিচালিত অটোরিকশা ও দু-তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। গুলিবিদ্ধ দুজন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানতে চাইলে আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দাবি করেন, ভ্যানচালক জাবের আওয়ামী লীগ সমর্থন করতেন৷ বিএনপির কর্মীদের গুলিতে তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের দাবি, আওয়ামী লীগের কর্মীদের গুলিতে জাবেরের মৃত্যু হয়েছে৷
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বলেন, জাবেরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।