আ.লীগ-বিএনপির সংঘর্ষ পুলিশের গুলি, আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজার ও আশপাশের এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষ ও ধাওয়ার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় বাজারের ১০-১২টি ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এর মধ্যে নান্দিয়াপাড়া বাজার চৌরাস্তা নামক স্থানে একটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ ছাড়াও উভয় পক্ষের কমপক্ষে করে ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ চারজনসহ ছয়জনের পরিচয় পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে নান্দিয়াপাড়া বাজারে ছাত্রলীগ-যুবলীগ এবং ছাত্রদল-যুবদলের কর্মীদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। যার জের ধরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা নান্দিয়াপাড়া স্কুল সড়কে ছাত্রদল কর্মী আরিফ হোসেন ও আকরাম হোসেনকে কুপিয়ে আহত করেন। সন্ধ্যার পর উভয় পক্ষ নান্দিয়াপাড়া বাজারে সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একে অপরের সমর্থকদের ১০-১২টি দোকানে হামলা-ভাঙচুর চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহছান উল্লা অভিযোগ করেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ছাত্রদলের দুই কর্মীকে কুপিয়ে আহত করেন। এ ঘটনার প্রতিবাদ জানাতে দলের কর্মীরা সন্ধ্যায় বাজারে এলে পুনরায় পুলিশের উপস্থিতিতে হামলা চালানো হয় এবং দোকানপাট লুট করা হয়।’
দেওটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মুশফিক বলেন, নান্দিয়াপাড়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও যুবদলের কর্মীরা বাজারে মহড়া দিয়ে আওয়ামী লীগের সমর্থকদের দোকানপাটে হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হয়েছেন।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ বলেন, ছাত্রদলের দুই কর্মীকে আহত করার জের ধরে সন্ধ্যায় দুই পক্ষে সংঘর্ষ বাধে। উভয় পক্ষই একে অপরের দোকানপাটে হামলা-ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগান থেকে আটটি গুলি ছোড়া হয়েছে।