আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১৫, দোকানেহামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে গত সোমবার রাতে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাজারের ১৪-১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর এবং একটিতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য, পথচারী, ব্যবসায়ীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ ১৫টি রাবার বুলেট ছোড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার দিনভর বাজারে পুলিশ মোতায়েন রাখা হয়।

আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন পুলিশের উপপরিদর্শক ইকবাল বাহার, কনস্টেবল আবদুস সামাদ, ছাত্রদলের কর্মী মো. সজীব, পথচারী আবদুর রহমান ও নজরুল ইসলাম এবং ফল ব্যবসায়ী মো. জুয়েল। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া গ্রেপ্তার এড়াতে উভয় দলের আহত ব্যক্তিরা গোপনে চিকিৎসা নেওয়ায় তাঁদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিশাপাড়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের বিরোধ দীর্ঘদিনের। সোমবার সন্ধ্যায় আমিশাপাড়া মাদ্রাসার কাছে ছাত্রদলের কর্মী মো. সজীবকে (১৮) কুপিয়ে আহত করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল কর্মী।

এ ঘটনার জের ধরে রাত সাড়ে নয়টার দিকে দুই পক্ষের কর্মী-সমর্থকেরা বাজারে পাল্টাপাল্টি মহড়া দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলা শুরু হয়। এ সময় একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।

খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের কর্মীরাই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫টি রাবার বুলেট নিক্ষেপ করে এবং দুই পক্ষকে ধাওয়া ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষ চলাকালে বাজারের অন্তত ১৪-১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালানো হয়। একই সময় বাজারসংলগ্ন পালপাড়া সড়কে বিএনপির নেতা তৌহিদুর রহমানের একটি দোকানঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ। তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্টো হামলার শিকার হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।