আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের (ইউপি) নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল থেকে তিন ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষের ঘটনায় ২৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। চিতলিয়া ইউনিয়নের মীরাকান্দি ও কাশিপুর গ্রামে পুলিশ এবং র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে চিতলিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্যা মীরাকান্দি গ্রামে নির্বাচনী বৈঠক করছিলেন। বৈঠক শেষে তাঁর সমর্থকেরা বাড়ি ফেরার পথে সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদারের সমর্থকেরা তাঁদের ধাওয়া করে। তখন সিরাজের সমর্থকেরা সালামের সমর্থক আবু আলম খাঁর বাড়িতে হামলা চালায়। এতে আবু আলম খাঁ ও তাঁর ছেলে রেজাউল আহত হন। এ ঘটনার জের ধরে গতকাল সকালে চিতলিয়া বাজার এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে ফের সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে গিয়ে শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার তালেবুর রহমান, সদর থানার ওসি রবিউল আলম, এএসআই আবদুল জলিল ও কনস্টেবল এলাহী মিয়া আহত হন।