চাঁদপুর পৌরসভার নির্বাচন তৃতীয়বারের মতো স্থগিত হওয়ায় একে অপরকে দোষারোপ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। গতকাল সোমবার উভয় দল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে পরস্পরকে দোষারোপ করে।গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের সভাপতি মো. শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী ও সহসভাপতি ওসমান গনি পাটওয়ারী।আওয়ামী লীগের নেতারা বলেন, পৌর নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী বর্তমান পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তা ছাড়া হাইকোর্ট নির্বাচন স্থগিতের যে আদেশ দিয়েছেন, তা নির্বাচন কমিশনে এখনো পৌঁছায়নি বা নির্বাচন কমিশন পৌর নির্বাচন স্থগিতও করেনি। অথচ প্রতিপক্ষ দলের মেয়র পদপ্রার্থী ও তাঁর লোকজন এ নিয়ে নানা কু ৎ সা রটাচ্ছেন, যা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।৩১ জুলাই চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ গত রোববার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।রোববারই জেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। এতে বক্তব্য দেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী ও জেলা যুবদলের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি সলিম উল্যা প্রমুখ।বিএনপি নেতারা অভিযোগ করেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চূড়ান্তভাবে যদি এবারও নির্বাচন স্থগিত হয়, তাহলে পৌর নির্বাচনে মেয়র, কাউন্সিলর প্রার্থী, দলীয় নেতা-কর্মী ও পৌরবাসীকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।পৌর এলাকার পুরানবাজারের বাসিন্দা মঞ্জুরুল ইসলামের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ গত রোববার নির্বাচন স্থগিতের আদেশ দেন। এর আগেও দুই দফা ঘোষিত তফসিল স্থগিত করা হয়েছিল মঞ্জুরুল ইসলামের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে।