আ.লীগ বিএনপির ৪১ মনোনয়নপ্রত্যাশী

টাঙ্গাইলের আটটি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের ২৬ জন ও বিএনপির ১৫ জন নেতা মনোনয়নপ্রত্যাশী। এর মধ্যে দুটি পৌরসভায় আওয়ামী লীগ স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করেছে। স্থানীয় বিএনপিও একজন প্রার্থী চূড়ান্ত করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দলে সদ্য যোগদানকারী সাবেক মেয়র জামিলুর রহমান মিরন এবং টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর। জামিলুর রহমান এর আগে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে দুবার মেয়র নির্বাচিত হয়েছেন। দুই মাস আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। জামিলুর টাঙ্গাইলের রাজনীতিতে খান পরিবারবিরোধী হিসেবে পরিচিত। অন্যদিকে সিরাজুল হক আলমগীরের দিকে রয়েছে খান পরিবারের সমর্থন। এই পৌরসভায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাফর আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি আলী ইমাম তপন ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদুল হক সানু দলীয় মনোনয়ন চাইছেন।

ধনবাড়ী পৌরসভায় আওয়ামী লীগ স্থানীয়ভাবে মনোনীত করেছে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলামকে। এখানে বিএনপি থেকে মনোনয়ন চাইছেন দলের উপজেলা শাখার সাবেক সভাপতি হাবিবুল্লাহ ফকির, পৌর বিএনপির আহ্বায়ক এস এম সোবাহান ও যুগ্ম আহ্বায়ক হাফেজ খায়রুল ইসলাম।
মধুপুরে বিএনপি থেকে উপজেলা সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র সরকার শহিদুল ইসলাম নয়নকে বাছাই করা হয়েছে। তিনি এর আগে তিনবার নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত করেছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে।
গোপালপুরে বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী উপজেলা সভাপতি বর্তমান মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। এখানে আওয়ামী লীগের আছেন তিনজন। এঁরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হক ছানা, গোপালপুর বণিক সমিতির সাবেক সভাপতি বেলায়েত হোসেন ও উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক।
ভুঞাপুর পৌরসভায় বিএনপির একক মনোনয়নপ্রত্যাশী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছেন বর্তমান মেয়র মাসুদুর রহমান, সাবেক মেয়র আমিরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল ইসলাম তালুকদার ও আনোয়ার হোসেন মিন্টু।
কালিহাতী পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন ছয়জন। এঁরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন খালিদ ও আসলাম সিদ্দিকী, সহপ্রচার সম্পাদক আনোয়ারুল হক এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুন্নবি সরকার। বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজন হচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আকবর জব্বার, পৌর বিএনপির সদস্য মোহাম্মদ আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজনু মিয়া।
মির্জাপুরে আওয়ামী লীগ থেকে সাবেক মেয়র মোশারফ হোসেন মনি এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সুমন মনোনয়ন চাইছেন। এ পৌরসভায় বিএনপির একক মনোনয়নপ্রত্যাশী হযরত আলী মিয়া।
সখীপুরে আওয়ামী লীগের ছয়জন ও বিএনপির দুজন মনোনয়ন চাইছেন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন বর্তমান মেয়র আবু হানিফ আজাদ, সাংসদ অনুপম শাহজাহানের চাচা জুলফিকার হায়দার কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আহম্মদ আলী, সাধারণ সম্পাদক কাজী বাদল এবং উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তালুকদার। বিএনপি থেকে মনোনয়ন চাইছেন জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য নাছির উদ্দিন ও উপজেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন।