আ.লীগ-বিএনপিসহ বড় দলগুলো আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার মাত্র তিন দিন বাকি থাকলেও এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপিসহ বড় দলগুলোর কেউই তা জমা দেয়নি। প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে এ হিসাব দেওয়ার নিয়ম।ইসি ২৬ জুলাই ৩৮টি দলকে নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দেওয়ার তাগিদ দিয়ে চিঠি দেয়। ইসি বলেছে, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না দিলে তাদের কারণ দর্শাও নোটিশ দেওয়া হবে এবং জবাব গ্রহণযোগ্য না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ পর্যন্ত জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও জাকের পার্টি আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি ও জাকের পার্টি হিসাব জমা দেয় গতকাল শেষ বেলায়।এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব দল আয়-ব্যয়ের হিসাব জমা দেবে না, তাদের কারণ দর্শানোর জন্য নোটিশ করা হবে। এর পরও যদি কোনো দল ব্যর্থ হয় সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-জি ধারা মোতাবেক প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধনের শর্তাবলি মেনে চলার বিষয়ে সময়ে সময়ে ইসিকে অবহিত করবে। আইনের ৯০-এইচ ধারায় বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল ধারাবাহিকভাবে তথ্য প্রদানে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবে। এ বিধির ওপর ভিত্তি করেই ইসি গত সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে মোট ৩৯টি দলকে নিবন্ধন সনদ দিয়েছিল। গত বছরও (২০০৮-০৯) ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলো আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে এ ব্যাপারে ছাড় দেওয়ার পর শেষ পর্যন্ত নীতিগত কারণে সব দলকেই ছাড় দেওয়া হয়। জানা গেছে, ইসি সচিবালয় ৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ২৬ জুলাই দলগুলোর সাধারণ সম্পাদক/মহাসচিব বরাবর চিঠি দিয়েছে। তবে ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট’-এর বিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমার শেষ দিবস কার্যদিবস না হওয়ায় ১ আগস্ট রোববার পর্যন্ত হিসাব জমা নেওয়া হবে। এ বিষয়ে গতকাল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানিয়েছেন, তাঁরা এখনো ইসির কাছ থেকে কোনো তাগাদাপত্র পাননি। তবে ১ আগস্টের মধ্যেই দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার চেষ্টা চলছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, দুই-এক দিনের মধ্যেই আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়া হবে। ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, হিসাব জমা দেওয়ার জন্য জামায়াতে ইসলামী দুই মাস সময় চেয়ে গত ২১ জুলাই ইসিকে চিঠি দিয়েছে। তবে ইসি জবাবে বলে দিয়েছে, সময় বাড়ানোর সুযোগ নেই। গতকাল পর্যন্ত অন্যান্য দলও হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য ইসি সচিবালয়ে যোগাযোগ করছিল। তবে ইসি তাদেরও বলে দেয় সময় আর বাড়ানো হবে না।