আ.লীগ-বিদ্রোহীর সংঘর্ষ, আসামিরা বিএনপির
ঝালকাঠির রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বেড়েছে সংঘাত-সংঘর্ষ। এর মধ্যে মঠবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ প্রার্থীর দায়ের করা একটি মামলায় বিএনপির কর্মীদের আসামি করা হয়েছে।
মঠবাড়ি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা বলেন, গত বুধবার থেকে শুক্রবার রাত পর্যন্ত তিন দিনে মঠবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন আওয়ামী লীগের নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সিকদার বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে রাজাপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় যাঁদের আসামি করা হয়েছে তাঁদের মধ্যে ২৭ জনই ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী।
বিএনপির প্রার্থী সাইদুল ইসলাম খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের মামলায় আসামি করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটা আমার নেতা-কর্মী ও সমর্থকদের আতঙ্কে ও আত্মগোপনে রেখে ভোট কারচুপির ষড়যন্ত্র।’
অপরদিকে উপজেলার গালুয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী হাফিজের বাড়িতে শুক্রবার রাতে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রার্থী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওয়ালিয়েল হাসানাত অভিযোগ করেন, শুক্রবার রাতে এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসী তাঁর বসতঘরে হামলা চালায় এবং তাঁর বাড়ির সামনে খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় তাঁর গোয়াল থেকে একটি গরু নিয়ে যায়।
তিনি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মজিবুল হক কামাল স্থানীয় সাংসদ (ঝালকাঠি-২) বি এইচ হারুনের ছোট ভাই। সাংসদ বর্তমানে এলাকায় অবস্থান করছেন। সাংসদের আপন ছোট ভাইয়ের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি বলেই আমার ওপর এমন নির্যাতন চলছে।’
রাজাপুর থানার ওসি শেখ মনির উল গীয়াস গতকাল বিকেলে বলেন, বাদী এজাহারে যেসব ব্যক্তির নাম উল্লেখ করে দিয়েছেন, সেভাবে মামলা হয়েছে।