বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেছে, ভারতের ‘কংগ্রেস সরকার’ ও ‘কংগ্রেস’ দল সব সময় আওয়ামী লীগের পক্ষে কথা বলে থাকে। তাই বলে কি আওয়ামী লীগ ভারতের দল হয়ে গেছে? আওয়ামী লীগ যদি ভারতের দল না হয়, তাহলে জামায়াত কেন পাকিস্তানের দল হবে?
গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ প্রশ্ন তোলেন। তিনি বলেন, জামায়াতের পক্ষে কোনো দেশ বক্তব্য দিলেই জামায়াত সে দেশের দল হয়ে যায় না।
উচ্চ আদালত থেকে জামিন পেয়ে দলের নয়জন নেতা-কর্মী গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সময় তাঁদের আবার গ্রেপ্তার এবং গত শুক্রবার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক স্ট্যাটাসে ‘জামায়াত পাকিস্তানি দল’ মর্মে যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
জয়ের বক্তব্যকে অযৌক্তিক বলে মন্তব্য করে বিবৃতিতে দাবি করা হয়, ১৯৭৫ সালে বাকশাল সরকারের পতনের পর থেকে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসা পর্যন্ত শেখ হাসিনা ও জয় ভারতে ছিলেন। তাঁরা ভারত সরকারের দেওয়া ভাতা গ্রহণ করেছেন। তাই বলে আওয়ামী লীগ ভারতের দল হয়ে যায়নি।