আওয়ামী লীগ টাঙ্গাইল-৩ আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করবে ১৩ ও ১৪ অক্টোবর। আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের (এএলপিবি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগ্রহী প্রার্থীরা দলীয় সভানেত্রীর ধানমন্ডির-৩-এর কার্যালয় থেকে ১০ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৪ অক্টোবর। ১৫ অক্টোবর গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। একই দিন প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।১৮ নভেম্বর টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ অক্টোবর। আওয়ামী লীগের সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে টাঙ্গাইল-৩ আসন শূন্য হয়।