বিরোধীদলীয় নেত্রীকে জাতিকে বিভ্রান্ত না করা ও ষড়যন্ত্র পরিহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ। আওয়ামী লীগ মাঠে নামলে ‘পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না’ বলেও তাঁকে সতর্ক করে দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক।গতকাল রোববার রাজধানীর পল্লবী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাহবুব উল আলম হানিফ। ৭ মার্চের ‘গণশোভাযাত্রা’ সফল করতে এ জনসভার আয়োজন করা হয়।বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘জাতিকে বিভ্রান্ত করবেন না। ষড়যন্ত্র পরিহার করুন। নইলে দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগ মাঠে নামলে পালানোর পথ খুঁজে পাবেন না।’ বিএনপির ১২ মার্চের কর্মসূচি প্রসঙ্গে হানিফ বলেন, ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে আওয়ামী লীগ কখনোই বাধা দেবে না। অথচ বাধা দেওয়ার কথা বলে একের পর এক মিথ্যাচার করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির ১২ মার্চের কর্মসূচি নিয়ে বিভিন্ন হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে। পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ইলিয়াছ উদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শাহে আলম মুরাদ, এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।