আ.লীগ মানুষ পুড়িয়ে মারছে, দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহউদ্দিন আহমদ
সালাহউদ্দিন আহমদ

বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, বিরোধী জোটের চলমান আন্দোলন কলুষিত করার ‘কুমানসে’ আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে মানুষ পুড়িয়ে মারার ঘৃণ্য কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সালাউদ্দিন এ অভিযোগ করেন।

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৭২ ঘণ্টার অবরোধ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানোর কথা জানিয়ে বিএনপির মুখপাত্র দেশবাসীকে ‘কষ্ট স্বীকার করে হলেও দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষা সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার স্বার্থে’ এই অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান। তিনি বলেন, একদলীয় প্রহসনের নির্বাচনের সব আয়োজন সরকার সম্পন্ন করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার কফিনের শেষ পেরেকটা ঠুকেছে সরকার।

সালাউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী গতকাল (রোববার) বিরোধীদলীয় নেতাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন। শাপলা চত্বরে মধ্যরাতে বাতি নিভিয়ে দিয়ে গণহত্যার যে জঘন্য নজির স্থাপন করেছে, তা কেবল প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে হয়েছে। এটা সভ্য দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন।

গতকাল সন্ধ্যা থেকে আজ পর্যন্ত ১৮ দলের তিনজন নেতা-কর্মী নিহত হয়েছেন, ৫৭৮ জন আহত হয়েছেন এবং ২৯০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন বিএনপির মুখপাত্র।