আ.লীগ মুক্তিযোদ্ধার দল নয় জিয়া দেশের প্রথম রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়াউর রহমানই দেশের প্রথম রাষ্ট্রপতি বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া।
স্বাধীনতার ৪৩ বছর পর গতকাল বৃহস্পতিবার রাজধানীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় খালেদা জিয়া এ দাবি করেন। তবে দাবির পক্ষে তিনি কোনো ব্যাখ্যা দেননি। এর এক দিন আগে ২৫ মার্চ লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান একই দাবি করেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়া’ শীর্ষক আলোচনা সভায় খালেদা জিয়া আরও দাবি করেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) অবদানও আমরা ছোট করে দেখি না। তারা মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। তা আওয়ামী লীগ মেনে নিতে পারেনি। তবে সারা পৃথিবী, বাংলাদেশের মানুষ তা জানে। জিয়াউর রহমানের ঘোষণা রেডিওতে প্রচারিত হওয়ার পরই মানুষ অস্ত্র তুলে নিয়েছে। ইতিহাস থেকে এসব মুছে ফেলা যাবে না। স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
অবশ্য খালেদা জিয়া এও বলেন, মুক্তিযুদ্ধ শেষে জিয়াউর রহমান বলেননি তিনি রাষ্ট্রপতি হবেন। তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন। পরে মানুষই সময়ের প্রয়োজনে জিয়াকে রাষ্ট্রপতির দায়িত্বে বসিয়েছে।
একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাও একই দাবি করেন। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হিসেবে খালেদা জিয়াকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া আরও কয়েকজন মুক্তিযোদ্ধাকেও সম্মাননা ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রায় এক ঘণ্টার বক্তব্যে খালেদা জিয়া মুক্তিযুদ্ধের নয় মাস তাঁর কীভাবে কেটেছে, তার সংক্ষিপ্ত বর্ণনা দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে একদিন আবদুল কাদের নামের একজন হাবিলদার দৌড়ে বাসায় এসে জিয়াউর রহমানের খোঁজ করলেন। জিয়া তখন বাসায় ছিলেন না। ওই হাবিলদার জানালেন, পাকিস্তানি সেনা কর্মকর্তারা বাঙালি সেনাসদস্যদের বলছে, অস্ত্র জমা দিয়ে দিতে। তারা এখন কী করবে, এ জন্য জিয়ার নির্দেশনা নিতে এসেছেন। খালেদা জিয়া বলেন, ‘তখন আমি শুধু বললাম, স্যার না আসা পর্যন্ত অস্ত্র জমা দেবেন না। হয়তো বা এ কথা কাজে লেগেছে।’
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে অভিযোগ করে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখে রাখার আহ্বান জানান। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও একধরনের সংশয় প্রকাশ করেন। বলেন, ‘তারা বলে ৩০ লক্ষ শহীদ হয়েছে। আমরা জানি না সত্য কী।’
ভারতের প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, এ সরকার অন্যের হাতে দেশ তুলে দিতে পাকা ব্যবস্থা করছে। অনেকগুলো চুক্তি হয়েছে। কিন্তু এসব চুক্তি আগামী দিনে বৈধতা পাবে না। কারও সহায়তায় আজীবন ক্ষমতায়ও থাকা যাবে না। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘আপনারা দেশ স্বাধীন করলেন পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আরেক দেশের শৃঙ্খলে আবদ্ধ করার জন্য?’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এলডিপির সভাপতি অলি আহমদ, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মদ প্রমুখ।