আ.লীগ-যুবলীগ কর্মীদের হাতে কুমিল্লায় ব্যবসায়ীসহ দুজন খুন
কুমিল্লার মুরাদনগর ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক দুটি ঘটনায় ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন মুরাদনগর উপজেলার বিদেশ-ফেরত ব্যবসায়ী জসিম উদ্দিন (৪৫), অপরজন সদর দক্ষিণ উপজেলার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মক্রব আলী (৩৫)।
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের বিদেশ-ফেরত ব্যবসায়ী জসিম উদ্দিন আওয়ামী লীগের কর্মীদের ছুরিকাঘাতে নিহত হন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গকুলনগর গ্রামের জসিম উদ্দিন কিছুদিন ধরে নিজ বাড়ির পূর্বদিকে একটি পুকুর ভরাট করছিলেন। এতে বাধা দেন একই গ্রামের বাসিন্দা মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুকুল ইসলাম ওরফে মাসুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের কর্মী মহসীন মিয়া, হেলাল উদ্দিন ও বিল্লাল হোসেন। ১০ লাখ টাকা চাঁদা না দিলে পুকুর ভরাট করতে দেওয়া হবে না বলে তাঁরা জসিমকে হুমকি দেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জসিমের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির কাছের একটি দোকান থেকে ফেরার পথে আওয়ামী লীগের ওই নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। আবার চাঁদা দাবি করলে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিমকে চাদরের নিচে লুকিয়ে রাখা ছুরি বের করে এলোপাতাড়ি আঘাত করেন আওয়ামী লীগের কর্মী মহসীন মিয়া। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পালিয়ে যান। পরে জসিমকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে চাঁদা না দেওয়ায় জসিমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত নেতাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সেগুলো বন্ধ পাওয়া যায়।
অপরদিকে ছিনতাইয়ের প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার রাত ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মক্রব আলী যুবলীগের কর্মীর ছুরিকাঘাতে নিহত হন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টায় জগৎপুর গ্রামের সোলেমানের ছেলে যুবলীগের স্থানীয় কর্মী রাসেল আহমেদের নেতৃত্বে সাত-আটজন যুবক গ্রামের সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা থামায় এবং চালকের কাছ থেকে টাকা ছিনতাই করে। খবর পেয়ে মক্রব আলী রাসেলসহ অন্যদের বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই মক্রব আলীর মৃত্যু হয়। সদর দক্ষিণ মডেল থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন বলেন, ছিনতাইয়ে বাধা দেওয়ায় মক্রব আলী খুন হয়েছেন। এ ব্যাপারে রাসেলসহ সাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। তবে রাসেল যুবলীগের কর্মী কি না, এটি তিনি নিশ্চিত নন।