বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহিদ হাসান হত্যা মামলায় ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতিসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এই পাঁচজন সোমবার বিকেলে খুলনার মুখ্য বিচারিক হাকিম আবদুর রহমান সরদারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে। ২৯ আগস্ট আবেদনের ওপর শুনানি হবে।
সোমবার যে পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার নিয়ামত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি হারুন অর রশিদসহ রনি শেখ ও আবুল বাশার। তাঁরা মামলার এজাহার নামীয় আসামি।
গত ১৮ মে সকালে খুলনার রূপসা উপজেলার আমদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীরা খান জাহিদ হাসান (৫৩) ও তাঁকে বহনকারী ভাড়ার মোটরসাইকেলের চালক মুন্না আকনকে (২৮) গুলি করে হত্যা করে।