আ.লীগ-যুবলীগ পাল্টাপাল্টি ধাওয়া
নাটোরের গুরুদাসপুরে গত রোববার বিকেলে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে শহরে উত্তেজনা বিরাজ করছে।উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখ জানান, রোববার বিকেলে ‘যুদ্ধাপরাধীদের বিচার ও জেলহত্যা মামলার রায় বাস্তবায়ন’ করার দাবিতে উপজেলার জোহা কলেজ মাঠে যুবলীগ সমাবেশ করে। সমাবেশে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস প্রধান অতিথি ছিলেন।উপজেলা ও পৌর আওয়ামী লীগ শহরের চাঁচকৈড় বাজারে পাল্টা সমাবেশ করে। বিয়াঘাট ও খুবজীপুর ইউনিয়ন থেকে যুবলীগের জনসভায় একটি মিছিল আসার সময় আওয়ামী লীগের সমাবেশ থেকে মিছিলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিপেটা করলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী বলেন, সাংসদ আবদুল কুদ্দুস পুলিশের ছত্রচ্ছায়ায় গুরুদাসপুরে আসায় কুদ্দুসবিরোধী সমাবেশ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। তবে যুবলীগের কোনো মিছিলে আওয়ামী লীগের কেউ হামলা করেনি। আর পুলিশ সাংসদের মদদে আওয়ামী লীগের নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের বেশকিছু নেতা-কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করায় পুলিশ লাঠিপেটা করতে বাধ্য হয়েছে। পুলিশ কোনো ব্যক্তি বা দলের মদদপুষ্ট নয়।