আ.লীগ-যুবলীগ সংঘর্ষে আহত ১৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন ও উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় কাউন্সিলর নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের পর যুবলীগের এক পক্ষ রাত নয়টায় কাপ্তাই সড়কে পৃথক দুটি ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১১টায় পুলিশ ব্যারিকেড তুলে নেয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দিনভর যুবলীগের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করে।নেতা-কর্মীরা জানান, ৩০ অক্টোবর উপজেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী সামশুদ্দোহা সিকদারের নেতৃত্বে গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাঙ্গুনিয়া থানার গুমাই মার্কেটের সামনে সভা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাঞ্চন চৌধুরীর পক্ষে আওয়ামী লীগের সদস্য মুজিবুল ইসলাম সরফি ৩০-৩২টি মোটরসাইকেল নিয়ে এসে সভায় হামলা চালান। এতে যুবলীগের কর্মী সেলিম, আসাদ, খোকন ও ফরিদ আহত হন। সভায় আসা ব্যক্তিরা পাল্টা আক্রমণ চালালে হামলাকারীরা পালিয়ে যায়।রাত আটটায় মুজিবুল ইসলাম সরফির নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী গোডাউন এলাকা থেকে সামশুদ্দোহা সিকদারের ওপর পুনরায় হামলা চালায়। যুবলীগের নেতা-কর্মীরা এ সময় মুজিবুল ইসলাম সরফি ও তাঁর পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালালে বাদশা ও নাছির নামে দুজন আহত হন। এরপর উভয় পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। সামশুদ্দোহা সিকদার বলেন, কাঞ্চন চৌধুরী যুবলীগের কেউ নন। নির্বাচনের পর বিদেশ থেকে এসে যুবলীগের কর্মী পরিচয়ে তিনি নানা অপরাধে লিপ্ত হয়ে পড়েছেন। যুবলীগে স্থান না দেওয়ায় পরিকল্পিতভাবে তিনি এ হামলা চালান।কাঞ্চন চৌধুরী বলেন, ‘সামশুদ্দোহা সিকদারের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়।’ রাঙ্গুনিয়া থানার ওসি মো. মোরশেদ বলেন, সংঘর্ষ হলেও পুলিশি তৎপরতায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়নি। কাপ্তাই সড়কের দুই জায়গা থেকে রাতেই ব্যারিকেড সরানো হয়েছে।