আ.লীগ-যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, গুরুদাসপুরে উত্তেজনা
নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুসের গুরুদাসপুর আগমনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে যেকোনো সময় সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দলীয় সূত্রে জানা গেছে, আজ রোববার বিকেলে উপজেলা ও পৌর যুবলীগের আহ্বানে গুরুদাসপুর জোহা কলেজ মাঠে আয়োজিত জেলহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে সমাবেশ ডাকা হয়েছে। এতে সাংসদ আবদুল কুদ্দুসের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। একই জায়গায় গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে একই সময়ে পাল্টা সমাবেশ আহ্বান করেছে। উভয় সংগঠনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হচ্ছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী জানান, সাংসদ আবদুল কুদ্দুস এলাকার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় এক বছর আগে তাঁকে গুরুদাসপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। জনরোষ থেকে বাঁচতে তিনি নির্বাচনী এলাকার অপর উপজেলা বড়াইগ্রামে অবস্থান করছেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যুবলীগের কতিপয় নেতা-কর্মীর সহায়তায় সাংসদ এলাকায় আসার অপচেষ্টা চালাচ্ছেন। সাংসদকে ঠেকাতেই উপজেলা ও পৌর আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখ জানান, তাঁরা আগে থেকেই জোহা কলেজ মাঠে কর্মসূচি আহ্বান করেন। এ জন্য কলেজ কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন থেকে অনুমোদনও নেওয়া হয়েছে। তাঁদের অনুষ্ঠান হবেই এবং সেখানে প্রধান অতিথি থাকবেন সাংসদ আবদুল কুদ্দুস। তিনি অভিযোগ করেন, তাঁদের সমাবেশ পণ্ড করার জন্যই উপজেলা ও পৌর আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলকভাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে।সাংসদ আবদুল কুদ্দুস বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী জমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি ওই সব অপকর্মের প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। গুরুদাসপুরে অবস্থান করলে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় তিনি ১১ মাস যাননি। এখন জনগণের দাবির কারণে এলাকায় গিয়ে যুবলীগের সমাবেশে যোগ দেবেন।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তিনি উভয় সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর পরও পুলিশ সতর্ক রয়েছে।