আ.লীগ-যুবলীগের হামলায় প্রথম আলোর ধরমপাশা প্রতিনিধি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে ধরমপাশা উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় আহত হয়েছেন প্রথম আলোর ধরমপাশা প্রতিনিধি সালেহ আহমদ। তাঁকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা অনুষ্ঠান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনেই হামলার শিকার হন তিনি। সালেহ আহমদ, স্থানীয় সংবাদকর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে স্থানীয় জনতা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে ধরমপাশার ইউএনও খালেদুর রহমান ও ওসি বায়েস আলম উপস্থিত ছিলেন। রাত নয়টার দিকে আলোচনা সভা শেষ হওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর ঘোষণা দেওয়া হয় মঞ্চ থেকে। সালেহ আহমদ তখন মঞ্চের কাছাকাছি ছিলেন। এ সময় হঠাৎ করেই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীরের নেতৃত্বে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলমগীর কবীরের ছোট ভাই জুবায়ের আহমদ, যুবলীগের কর্মী তৈমুর, পলাশসহ ২০-৩০ জন সালেহ আহমদের ওপর অতর্কিত হামলা চালান। সালেহ আহমদ বলেন, ‘কোনো কারণ ছাড়াই তাঁরা আমার ওপর হামলা করেছেন। আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি দেন হামলাকারীরা। এ সময় ইউএনও এবং ওসি হামলাকারীদের থামানোর চেষ্টা করেও পারেননি।’ ঘটনাস্থলে থাকা একজন ইউপি চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘সবার সামনেই সালেহ আহমদের ওপর হামলা হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরেই এই হামলা হয়েছে বলে আমি মনে করি।’ রাত ১০টায় সমকাল-এর ধরমপাশা প্রতিনিধি এনামুল হক বলেন, সালেহ আহমদ মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। ওসি বায়েস আলম জানান, অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে সালেহ আহমদের সঙ্গে অন্যদের কথা-কাটাকাটি হয়। অনেক লোকজন সেখানে ছিল। কিছু হাতাহাতি হয়েছে। পরে সালেহ আহমদ অনুষ্ঠান থেকে চলে যান। এ সময় হামলার বিষয়টি তিনি এড়িয়ে যান। ইউএনও মো. খালেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনুষ্ঠানস্থলে থাকায় কথা বলতে পারেননি।