আ.লীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকতে চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় না। সংবিধান মেনে যথাসময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে।গতকাল শনিবার রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলা হয়।মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র বিশ্বাস করেন বলেই আগ বাড়িয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে কথা বলেছেন। বিরোধী দলকে নির্বাচনকালীন সরকারে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিরোধী দল প্রধানমন্ত্রীর প্রস্তাবে কোন যুক্তিতে আপত্তি করছেন, তা বোধগম্য নয়। তিনি আশা করেন, বাস্তবতার নিরিখে বিএনপি এ প্রস্তাব মেনে নেবে এবং সংসদে গিয়ে তাদের মতামত তুলে ধরবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, তাঁর দল নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করছে। এ প্রসঙ্গে মওদুদের উদ্দেশে হানিফ বলেন, ‘কার জন্য এসব রূপরেখা তৈরি করছেন? আপনার নেত্রীই তো বলেছিলেন, নিরপেক্ষ বলতে শিশু আর পাগল বোঝায়। তাহলে কি পাগল পেয়ে গেছেন? আর যা-ই হোক, শিশু আর পাগলের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না।’আগামী নির্বাচনে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সব নেতার জামানত বাজেয়াপ্ত হবে বলে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘আপনারা কি এত পুণ্য করলেন যে মানুষ সব ভোট আপনাদের বাক্সে দিয়ে দেবে? এত জনপ্রিয়তা থাকলে কাপাসিয়া উপনির্বাচনে অংশ নিন। জনগণের ম্যান্ডেট নিয়ে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের জামানত বাজেয়াপ্ত হবে।’স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দুর্গাদাস ভট্টাচার্য, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পঙ্কজ দেবনাথ।