আ.লীগ সভাপতির ছেলেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির ছেলে শেখ মাসুদুর রহমান ও মাহবুবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিসিক শিল্প নগরের সম্প্রসারণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা আল হুসাইন মামুন গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এদিকে বিকেলে প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে মাহবুবুর রহমান এর প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামুন বলেন, গত ২১ মার্চ গোপালগঞ্জের হরিদাসপুরে বিসিক শিল্প নগরের সম্প্রসারণ প্রকল্পে ভূমি উন্নয়নের প্রথম পর্যায়ের ২ নম্বর লটের মাটি ভরাটের কাজ পায় মীম কনস্ট্রাকশন। ২৪ আগস্ট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়ার ছেলে মাসুদুর ও মাহবুবুর কাজের হরিদাসপুর সাইটে ২০-৩০ জন যুবক নিয়ে বালু উত্তোলনের ড্রেজার বন্ধ করে দেন। এ সময় তাঁরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁকে ও তাঁর সহকর্মী মিলন মুন্সীকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ কারণে তাঁরা কাজ শেষ না করেই চলে আসেন। এ ব্যাপারে গত রোববার তিনি গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মীম কনস্ট্রাকশনের মালিক মামুন আরও বলেন, তাঁরা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছেন। তাঁরা দলকে বিব্রত করার মিশন নিয়ে মাঠে নেমেছেন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বিকেলে প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন মাহবুবুর ও মীম কনস্ট্রাকশনের বালু সরবরাহকারী বশির শেখ। সংবাদ সম্মেলনে বশির দাবি করেন, রমজানে কাজ বন্ধ রাখার কারণে মীম কনস্ট্রাকশনের কাছে ২৭ দিনে মোট ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। এ নিয়ে কয়েক দিন ধরে বাদানুবাদ চলছিল।
মাহবুবুর বলেন, ‘বালু সরবরাহকারীদের পক্ষে আমি ঠিকাদারকে চাপ প্রয়োগ করায় তাঁরা জিডি করেছেন। টাকা না দিতেই সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে মামুন বলেন, চাঁদাবাজির বিষয়টি আড়ালে রাখতে বশির শেখ নামের একজনকে সাজিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। চাঁদাবাজির যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রয়োজনে তা সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ করা হবে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রাথমিক তদন্তে কাজ বন্ধ করে দেওয়ার সত্যতা পেয়েছে পুলিশ।