আ.লীগ সভাপতির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবুর রহমানকে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

গতকাল বুধবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদের নেতৃত্বে মিছিলটি গাংনী শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। জাতীয় ও মুক্তিযোদ্ধাদের পতাকা হাতে নিয়ে মিছিলে মুক্তিযোদ্ধারা অংশ নেন। উপজেলা পরিষদ চত্বরের সামনে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের দুই পাশে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধারা ১৫ মিনিটের মানববন্ধন করেন।

এরপর গাংনী উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের পাশে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলীর সভাপতিত্বে সমাবেশে মুক্তিযোদ্ধা হবিবুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামানের বাবা আবদুল গণি তালিকাভুক্ত রাজাকার। গত ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সাহিদুজ্জামান উপস্থিত হলে প্রতিবাদ জানানো হয়েছিল। এর জের ধরে তিনি কয়েক দিন থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে (হবিবুর) হুমকি-ধমকি দিচ্ছেন।

মুন্তাজ আলী বলেন, হুমকির বিষয়টি মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তাই সাহিদুজ্জামানকে দল থেকে বহিষ্কার ও তাঁর সাজার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বশির আহম্মেদ বলেন, ‘জেলার যে কয়েকজন চিহ্নিত রাজাকার ছিলেন, তাঁদের মধ্যে গণি অন্যতম। তাঁর ছেলে কীভাবে ১৬ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দলীয় শীর্ষ নেতাদের কাছে জানতে চাই।’

অভিযোগের বিষয়ে সাহিদুজ্জামান মুঠোফোনে বলেন, ‘একটা আন্দোলন চলছে (ইউএনওকে অপসারণ)। এটা রুখতে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। আর রাজাকারের ছেলে হোক বা মুক্তিযোদ্ধার ছেলে হোক, সংবিধান বা বিধিবিধানে নেই যে সে দল করতে পারবে।’