আ.লীগ সভাপতির 'মনোনয়নবাণিজ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংবাদ সম্মেলন করে দলের উপজেলা সভাপতি এস এম রুহুল আমিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন মনোনয়ন না পাওয়া এক নেতা।
উপজেলার নবগঠিত সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান দফাদার গতকাল শুক্রবার সকালে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ‘মনোনয়নবাণিজ্যের’ কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। কেশবপুরের ১১টি ইউপিতে পঞ্চম ধাপে ২৮ মে ভোট হবে।
মশিয়ার রহমান দফাদার তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য নির্ধারিত ফরমে স্বাক্ষর নিতে গেলে সভাপতি সাত লাখ টাকা দাবি করেন। উপরিমহলে ওই টাকা দিতে হবে বলে সভাপতি জানান।’ মশিয়ার রহমান বলেন, তিনি মুক্তিযোদ্ধার সন্তান। তাই টাকা দিয়ে মনোনয়ন নেবেন না জানিয়ে চলে আসেন। পরে আমজাদ হোসেনের কাছ থেকে টাকা নিয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর দিয়ে সুপারিশ করেন সভাপতি। আমজাদ বিএনপির রাজনীতি করেন। তাঁর নাম আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের কোথাও নেই। মশিয়ার রহমান আরও বলেন, শুধু তাঁর কাছে নয়, প্রতিটি ইউপির প্রার্থীর কাছ থেকে একইভাবে সভাপতি টাকা নিয়েছেন।
আমজাদ হোসেন বলেন, তিনি সাতবাড়িয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। জীবনে কখনো বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। সভাপতিকে কোনো টাকা দিয়ে তিনি সুপারিশ নেননি।
এস এম রুহুল আমিন বলেন, মনোনয়নবাণিজ্যের দাবি উদ্ভট। পাঁচ-ছয় বছর ধরে আমজাদ আওয়ামী লীগে আছেন। এর আগে বিএনপি করতেন। তিনি বলেন, ‘চারজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁরা একত্র হয়ে আমজাদের পক্ষে মত দেন। পরবর্তী সময়ে মশিয়ার আমার কাছে তাঁর (মশিয়ার) পক্ষে সুপারিশ করতে বলেন। আমি একাধিক ব্যক্তিকে সুপারিশ করতে পারব না জানালে মশিয়ার নাখোশ হন।’