ঢাকা আইনজীবী সমিতির ২০১০-১১ সালের বার্ষিক নির্বাচনে সভাপতিসহ সাতটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়ী হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার দুই দিন নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। গত বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে গতকাল শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।ঢাকা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে ১০ হাজার ৬৭ জন সদস্যের মধ্যে পাঁচ হাজার ৪০০ জন ভোট দেন। প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সহসভাপতি ও সহসাধারণ সম্পাদকের দুটি করে পদসহ মোট ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে জয়ী হন সানাউল্লাহ মিয়া। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হন কাজী নজিবুল্লাহ। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে থেকে সহসভাপতি পদে আবুল কালাম আজাদ ও শেখ মো. নুর আলম, কোষাধ্যক্ষ পদে খন্দকার মো. গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান খান ও নজরুল ইসলাম সরদার এবং গ্রন্থাগার সম্পাদক পদে কাজী শাহানারা ইয়াসমিন জয়ী হন।অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক পদে তাবাসসুম রিফাত ও দপ্তর সম্পাদক পদে আবদুল খালেক এবং সদস্যপদে এ এস এম শফিউল্লাহ, বজলুর রহমান, নজরুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হেলাল উদ্দিন ও রেজাওয়ানসা আফরিন জয়ী হন।