বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় গত রোববার রাতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর ১০ কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শিকারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পান শিকারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন (নৌকা) এবং বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান ইউনিয়ন যুবদলের সভাপতি মীর কামরুজ্জামান (ধানের শীষ)। কয়েক দিন ধরে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছেন উভয় দলের প্রার্থীরা। গত রোববার রাত আটটার দিকে শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মীর কামরুজ্জামানের উঠান বৈঠক শেষে সমর্থকেরা বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন হামলা চালিয়ে তাঁদের আহত করেছেন।
বিএনপির প্রার্থী মীর কামরুজ্জামান অভিযোগ করেন, গত রোববার রাতে তাঁর সমর্থকেরা উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার পথে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে নৌকা মার্কার প্রার্থী সরোয়ার হোসেনের ভাই ইকবাল হোসেনের নেতৃত্বে তাঁর সহযোগী রিপন, জুয়েলসহ ১৫-২০ জন লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে তাঁর ১০ কর্মীকে গুরুতরভাবে আহত করেছে। আহত ব্যক্তিদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, অবস্থার অবনতি ঘটলে গুরুতর জখম মো. মাইনুল ইসলাম (৩০), মেহেদী হাসান (২২) ও ইমরান হোসেনকে (২৩) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মীর কামরুজ্জামান আরও বলেন, বিষয়টি রিটার্নিং অফিসার ও উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ আকারে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি।
হামলার অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী সরোয়ার হোসেন বলেন, ‘হামলার সঙ্গে আমার দলের কোনো নেতা-কর্মী জড়িত নয়। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’
রিটার্নিং অফিসার ও উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিনের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।’