আ.লীগ-সমর্থিত ও 'বিদ্রোহী' পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ২৪ জন আহত হয়েছে। পুলিশ লাঠিপেটা ও সাতটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পৌর এলাকার হাজরাহাটি মহল্লায় সকালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাকির হোসেন ও দলের বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শাহাদাত হোসেন দলের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক বলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সী নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বুধবার হাজরাহাটি মহল্লায় স্থানীয় তরুণদের উদ্যোগে বিচারগানের আয়োজন করা হয়। রাত আটটার দিকে শাহাদাত হোসেন ওই অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় তাঁর সমর্থকেরা গায়িকাকে দিয়ে শাহাদাত হোসেনের আনারস প্রতীকের পক্ষে প্রচারণামূলক একটি গান পরিবেশন করান। তখন জাকির হোসেনের সমর্থকেরা গ্রামের সর্বজনীন একটি অনুষ্ঠানে কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচারণামূলক গান পরিবেশনে আপত্তি জানান। তখন উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ভাঙ্গা থানার পুলিশ গতকাল সকালে ওই মহল্লায় গিয়ে দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে। এ সময় জাকির হোসেনের পক্ষের নেতা ওমর খয়রাতি ও শাহাদাত হোসেনের পক্ষের নেতা সাহেব আলী খয়রাতি সংঘর্ষ না বাধানোর ব্যাপারে পুলিশকে আশ্বস্ত করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই সকাল নয়টার দিকে দুই পক্ষ ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পুনরায় ওই এলাকায় গিয়ে লাঠিপেটা ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে ভাঙ্গা থানার ওসি দাদন ফকিরসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ ছাড়া উভয় পক্ষের কমপক্ষে ১৯ জন আহত হয়। তাদের মধ্যে ১৮ জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মিন্টু খয়রাতিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জাকির হোসেন বলেন, গানের অনুষ্ঠানে শাহাদাতের সমর্থকেরা তাদের পক্ষে গান গাইতে বাধ্য করায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ উত্তেজনা থেকেই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
শাহাদাত হোসেন বলেন, ‘জাকিরের সমর্থকেরা আমার সমর্থকদের ওপর হামলা করলে এ সংঘর্ষ বাধে।’
ওসি মো. দাদন ফকির জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ইব্রাহিম খয়রাতি ও ফিরোজ মাতুব্বর নামের দুই ব্যক্তিকে আটক করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি।