প্রথমবারের মতো ৫৫ জন কাউন্সিলরের গোপন ব্যালটে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ হোসেন, জোবাইরা নার্গিস খান ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এ তিনজনই আওয়ামী লীগ-সমর্থিত।জানা যায়, নির্বাচনে তৃতীয় প্যানেল মেয়র পদে চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও সেকান্দর হোসেন ১৫টি করে ভোট পাওয়ায় ফলাফল ঘোষণায় কিছুটা জটিলতা হয়। এ সময় সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম কাউন্সিলরদের কাছে করণীয় সম্পর্কে মতামত চান। কাউন্সিলরদের কেউ লটারি, কেউ ওই দুজনের মধ্যে পুনরায় ভোট অনুষ্ঠান, কেউ সভার সভাপতি হিসেবে মেয়রকে নিজের ভোট দিয়ে একজনকে বেছে নিতে বলেন। এ নিয়ে করপোরেশন মিলনায়তনে কিছুটা হট্টগোলও হয়।শেষে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দুজনের মধ্যে লটারির সিদ্ধান্ত নেন মেয়র। লটারিতে হাসান মাহমুদ হাসনী বিজয়ী হয়ে তিন নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন। ১৬ ভোট পেয়ে এক নম্বর প্যানেল মেয়র হন মোহাম্মদ হোসেন। ১৫ ভোট পেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী নারী অগ্রাধিকার ভিত্তিতে দ্বিতীয় হন জোবাইরা নার্গিস খান। প্যানেলে প্রবেশের দৌড়ে ছিলেন ২২ জন। তাঁদের মধ্যে আটজন সংরক্ষিত আসনের কাউন্সিলর।