গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে সমর্থন দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের এক বর্ধিত সভায় তাঁকে সমর্থন জানানো হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ রহমত আলীর পরামর্শে দলের অন্যরা নির্বাচনে অংশ না নিয়ে সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়েরের পরিচালনায় বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকিরসহ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সব সদস্য ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আগামী ৮ সেপ্টেম্বর শ্রীপুর পৌরসভার নির্বাচন হবে।