আ.লীগ-সমর্থিত প্রার্থী ধরাশায়ী যেসব কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিএনপি-সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। প্রার্থী নির্ধারণে ভুল সিদ্ধান্ত, তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ন না করা, প্রচারকাজে সমন্বয়ের অভাব, জেলার কিছু নেতার দুর্নীতি ও বিএনপি-জামায়াতের সমর্থন বেশি থাকায় এ উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ধরাশয়ী হয়েছেন বলে দলটির নেতা-কর্মীরা জানিয়েছেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে ৭৮টি কেন্দ্রেই বিএনপি-সমর্থিত প্রার্থী ফজলুর রহমান বেশি ভোট পেয়েছেন। মাত্র চারটি কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান এগিয়ে ছিলেন।
জানা গেছে, বিএনপি-সমর্থিত প্রার্থী ৮৫ হাজার ৩৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ৩৯ হাজার ২৯৭ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিএনপি-সমর্থিত প্রার্থীর কাছে ৪৬ হাজার ৯৮ ভোটে পরাজিত হয়েছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, প্রার্থী নির্ধারণের সিদ্ধান্তে গুরুতর ভুল ছিল। উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়লেও জেলা কমিটির অধিকাংশ নেতা-কর্মী গ্রাম-গঞ্জে ভোট চাওয়ার জন্য যাননি। এ ছাড়া তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে জেলা কমিটির সমন্বয়ের অভাব ছিল। প্রার্থীও কর্মীদের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলেননি। অধিকাংশ সময় ঢাকায় বসবাস করায় এলাকায় প্রার্থীর পরিচিতি একেবারে কম ছিল। এসব কারণে তাঁদের প্রার্থী পরাজিত হয়েছেন।
ভাদসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী মণ্ডল জানান, জেলা আওয়ামী লীগের কতিপয় নেতার ক্ষমতার অপব্যবহার, তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন না করা এবং আওয়ামী লীগের কিছু নেতার অপকর্মের কারণে সাধারণ ভোটাররা তাঁদের প্রার্থীকে ভোট দেননি। এমনকি আওয়ামী লীগের অনেক সমর্থক মনঃকষ্টের কারণে ভোট দিতেই যাননি।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা দাবি করেন, জামায়াত-বিএনপির সমর্থক বেশি থাকায় হিন্দু সম্প্রদায় এবং অনেক সাধারণ ভোটার ভয়ে ভোটকেন্দ্রে যাননি। তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের ভোটে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ আরিফুর রহমানকে সমর্থন দিয়েছিল। প্রার্থী নির্ধারণে কোনো ভুল সিদ্ধান্ত ছিল না।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের সাংসদ সামছুল আলম বলেন, ‘এ বিষয়ে জেলা কমিটির মিটিং হবে। ওই মিটিংয়ের আলোচনার ভিত্তিতে আমি আমার মতামত আপনাকে জানাব।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আব্বাছ আলী মণ্ডল ৩৮ হাজার ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত ফজলুর রহমান ওরফে সাঈদ ২৮ হাজার ৫০৮ ভোট পেয়েছিলেন। কিন্তু এবারের নির্বাচনে আব্বাছ আলী মণ্ডলেরই ছেলে আরিফুর রহমান বিপুল ভোটে পরাজিত হন বিএনপি-সমর্থিত প্রার্থীর কাছে।
আওয়ামী লীগের জেলা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলার কতিপয় নেতা সংশোধন না হলে আগামী দিনে বিভিন্ন নির্বাচনে দলটি আরও বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।