আ.লীগ-সমর্থিত প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিক্ষকদের বনভোজনের নামে ‘নির্বাচনী ভোজ’-এর আয়োজন করায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গত শুক্রবার এ নোটিশ পাঠানো হয়।
রাজশাহীতে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বনভোজনের অনুষ্ঠানে মঞ্চ করে সেখানে প্রার্থীরা নির্বাচনী বক্তব্য দিয়েছেন। এতে তাঁরা উপজেলা নির্বাচনের আচরণবিধির ৭(ক) ধারা লঙ্ঘন করেছেন। এ অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নোটিশগুলো পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে প্রার্থীরা নোটিশগুলো হাতে পেয়েছেন বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। নোটিশ হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে হবে।’
জানতে চাইলে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জানান, তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট নোটিশটি হাতে পেয়েছেন। তিনি পড়ে দেখে বলতে পারবেন, নোটিশে কী লেখা রয়েছে।
৬ মার্চ গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে উপজেলার ১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৪১ জন শিক্ষক এই অনুষ্ঠানে অংশ নেন। এতে অতিথি হিসেবে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান প্রার্থী খাইরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসনেয়ারা উপস্থিত ছিলেন। সাংসদ তাঁর বক্তব্যে দলীয় প্রার্থীর জন্য দোয়া কামনা করেন।