আ.লীগ-সমর্থিত প্রার্থীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন। এদিকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। পুনর্নির্বাচনের দাবিতে দলটি কাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কক্সবাজার জেলায় হরতাল আহ্বান করেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রিয়াজুল হক ৪০ হাজার ১২০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী মেহরাজ আহমেদ মাহিন চৌধুরী পেয়েছেন ৩৪ হাজার ৮০২ ভোট। অপর প্রার্থী জামায়াত-সমর্থিত ফজলুল্লাহ মোহাম্মদ হাসান পেয়েছেন ১৫ হাজার ১১৭ ভোট।
এদিকে কক্সবাজার শহরে বিএনপির কার্যালয়ে গতকাল রোববার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ১৮টি কেন্দ্র দখল করে জালভোট দিয়েছেন। সংবাদ সম্মেলনে মঙ্গলবার হরতালের ডাক দেওয়া হয়।
বাইরে ফাঁকা, ভেতরে জমজমাট: গতকাল ভোটগ্রহণ চলাকালে সকাল ১০টা পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে ভোটারের কিছুটা উপস্থিতি লক্ষ করা গেলেও এর পর থেকে প্রায় সব কেন্দ্র ছিল ফাঁকা। অথচ দুপুরের মধ্যে প্রায় সব কেন্দ্রেই ভোট পড়ে ৫০ শতাংশ।
সকাল সাড়ে ১০টায় রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় বাইরে ফাঁকা, ভেতরে ভোটকক্ষে কিছু নারী-পুরুষের জটলা। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম জানান, তখন পর্যন্ত ভোট পড়েছে ৯৮৮টি।
দুপুর ১২টায় দক্ষিণ মিঠাছড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে মাঠে ২১ জন নারী ভোটার দেখা যায়। তবে ভেতরে কিছু নারী-পুরুষকে ভোট দিতে দেখা গেছে। এই কেন্দ্রে দেখা হয় জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সঙ্গে।
জেলা প্রশাসক রুহুল আমিন বলেন, এ পর্যন্ত তিনি ১২টির বেশি কেন্দ্র পরিদর্শন করে কোনো অনিয়ম দেখতে পাননি। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটার উপস্থিতি কম দেখেছেন তিনি।
দুপুর একটায় কাওয়ারকুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের বাইরে ফাঁকা দেখা গেছে। কেন্দ্রের ভেতরে গিয়ে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীর কোনো এজেন্ট দেখা যায়নি।
কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দিয়েছেন। অথচ পুলিশ নীরব ভূমিকা পালন করছে।
দুপুর দুইটার দিকে গর্জনিয়ার একটি ভোটকেন্দ্রে গেলে স্থানীয় অনেকে বলেন, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী কেন্দ্রের বাইরে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর লাইনে দাঁড়ানো ভোটাররা পালিয়ে যান।
বিএনপি-সমর্থিত প্রার্থী মেহরাজ আহমেদ মাহিন চৌধুরী বলেন, আওয়ামী লীগদলীয় সাংসদ সাইমুম সরওয়ার ভোটকেন্দ্রে গিয়ে প্রভাব খাটিয়েছেন এবং দলীয় লোকজন দিয়ে ভোটকেন্দ্র দখল করিয়েছেন।
তবে সাংসদ সাইমুম সরওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।