আ.লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে দুই সাংসদের প্রচারণা
আচরণবিধি লঙ্ঘন করে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত দুই প্রার্থীর পক্ষে দলের দুজন সাংসদ প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগামী ২৩ মার্চ চতুর্থ ধাপে ওই দুটিসহ জেলার চারটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টায় বাগেরহাট-৩ আসনের সাংসদ ও খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান হোসেন খানের পক্ষে শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালান ও গণসংযোগে অংশ নেন। সকাল থেকে দুপুর পর্যন্ত গণসংযোগ শেষে ৪০-৫০টি মোটরসাইকেলের বহর নিয়ে জিপে করে তিনি পশ্চিম ঝালকাঠি যান। সেখানে তিনি ইছানীল সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সুলতান হোসেনের নির্বাচনী কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
একই দিন দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলের বহর নিয়ে ওই উপজেলা পরিষদের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. ইউনুস লস্করের পক্ষে প্রচারণা চালান বরিশাল সদর আসনের সাংসদ ও সাবেক মেয়র শওকত হোসেন।
এ ব্যাপারে জানতে চাইলে তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছি ঠিকই, তবে আমার সাথে কোনো মোটরসাইকেল বহর ছিল না।’ শওকত হোসেন মোটরসাইকেলের বহর নিয়ে প্রচারণা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে গতকাল দুপুরে ঝালকাঠি শহরের কলেজ মোড়সংলগ্ন সদর উপজেলার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএনপি-সমর্থিত প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং একের পর এক মামলা দিয়ে দলের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে সাংসদেরা প্রচারণায় অংশ নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে বরিশালের সাংসদ শওকত হোসেন ও বাগেরহাটের সাংসদ তালুকদার আবদুল খালেক প্রকাশ্যে মোটরসাইকেল শোভাযাত্রা করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা এ কে এম সোহেল বলেন, ‘সাংসদেরা মোটরসাইকেলের বহর নিয়ে প্রচারণা চালাচ্ছেন—এমন কোনো অভিযোগ পাইনি। তবে এখন যেহেতু শুনলাম, খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’