আ.লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয় দলীয় কোন্দলে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফিরোজ কবীরের পরাজয়ের জন্য দলীয় কোন্দলকেই দায়ী করছেন দলের অনেক নেতা-কর্মী। তবে দলের কিছু নেতার দাবি, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।

২০০৯ সালের উপজেলা নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ কবীর এক লাখ ৩৫ হাজার ৮০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী কফিল উদ্দিনের কাছে হেরে গেছেন। ভোট পেয়েছেন এক লাখ নয় হাজার ৫৫৩। কফিল উদ্দিন পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৫৪৪ ভোট।

দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জানান, ফিরোজ কবীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নানা বিষয় নিয়ে সাভারের সরকারদলীয় সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এ কারণে মুরাদের অনুসারী নেতা-কর্মীরা তাঁর হয়ে কাজ করেননি। তাঁরা মনে করেন, মুরাদের অনুসারীরা প্রকাশ্যে ফিরোজ কবীরের হয়ে কাজ করলেও কোন্দলের কারণে তাঁরা ভেতরে ভেতরে বিরোধিতা করেছেন। এই কোন্দলই ফিরোজের পরাজয়ের অন্যতম কারণ।

দলীয় সূত্র জানায়, বিগত পাঁচ বছরে ফিরোজ কবীরের আচরণে অনেক নেতা-কর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভ আরও বেড়ে যায় এবারের জাতীয় সংসদ নির্বাচনের পর। মুরাদের যেসব অনুসারী ঝুট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, সাংসদ পরিবর্তন হওয়ার পর তাঁদের অনেককেই বিতাড়িত করা হয়। তাঁরা মনে করেন, ফিরোজ কবীরের কারণেই এসব হয়েছে। এ কারণে তাঁরা ফিরোজ কবীরকে পরাজিত করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে দলের স্থানীয় একাধিক নেতা বলেন, দলের এমন কয়েকজন নেতা-কর্মী রয়েছেন, যাঁরা আওয়ামী লীগ-সমর্থক ভোটারদের কাছে বিতর্কিত। বিতর্কিত এসব নেতা-কর্মী ফিরোজ কবীরের হয়ে প্রচারণায় অংশ নেওয়ায় অনেক ভোটার কেন্দ্রেই যাননি। অনেকে কেন্দ্রে গেলেও ফিরোজ কবীরকে ভোট দেননি।

দলীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী তফসিল ঘোষণার আগে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দারের বাসায় হামলা হয়। এর প্রভাবও পড়ে নির্বাচনে। দলের একটি অংশ বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেনি। তাদের মতে, আলী হায়দার যাতে নির্বাচনে প্রার্থী না হন এ জন্য ওই হামলা চালানো হয়।

জানতে চাইলে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী বলেন, সাংগঠনিক দুর্বলতার কারণেই তাঁদের সমর্থিত প্রার্থী পরাজিত হয়েছেন। এ ছাড়া বিএনপির প্রার্থী যে হারে টাকা উড়িয়েছেন, ফিরোজ কবীর তা পারেননি। তাঁর পরাজয়ের এটাও কারণ।

আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ এনামুর রহমান বলেন, দলীয় কোন্দলের কারণে নেতা-কর্মীরা ফিরোজ কবীরের হয়ে কাজ করেননি। বরং তাঁরা বিরোধিতা করেছেন। অনেকে আবার বিএনপির প্রার্থীর হয়েও কাজ করেছেন। এসব কারণেই ফিরোজ কবীরের পরাজয় হয়েছে।

সাংসদ বলেন, দলের যেসব নেতা-কর্মী ফিরোজ কবীরের হয়ে কাজ করেননি, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।