আ.লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা গত বুধবার বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর ওপর হামলা চালিয়েছেন। তাঁরা ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছেন ও বিএনপির প্রার্থীদের প্রচারকাজে বাধা দিচ্ছেন। ১৫ মার্চের নির্বাচনে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের ভোট পেতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এসব অপতৎপরতা চালাচ্ছেন বলে বিএনপি অভিযোগ করেছে।

জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, ১৫ মার্চ নির্বাচন চলাকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হিজলা উপজেলার তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ওই তিন কেন্দ্রে ২৭ মার্চ ভোট গ্রহণ করা হবে। এই উপজেলার বাকি ২৭ কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী দেওয়ান মো. শহীদুল্লাহর চেয়ে ৯৬ ভোট কম পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল গাফফার তালুকদার দ্বিতীয় অবস্থানে আছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদ এক হাজার ৪৪ ভোট কম পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন। স্থগিত তিন কেন্দ্রে মোট ভোট নয় হাজার ২১টি। বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল গাফফার তালুকদারের ছেলে সাইফুল ইসলাম তালুকদার অভিযোগ করেন, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লোকমান হোসেনসহ ২৫-৩০ জন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের দুর্গাপুরের নির্বাচনী কার্যালয়ে গিয়ে তাঁর বাবার ওপর হামলা চালান।

গাফফার তালুকদার অভিযোগ করেন, ‘নির্বাচনে কারচুপি করার জন্য আওয়ামী লীগ মাঠে নেমেছে। তারা আমার ওপর হামলা চালিয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদ তাঁর ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালাচ্ছে। আমাদের নেতা-কর্মীরা যাতে প্রচারণা চালাতে না পারে, সে জন্য তাদের ভয়ভীতি প্রদর্শন এবং মারধর করছে।’

উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লোকমান হোসেন বলেন, ‘বিএনপি-সমর্থিত প্রার্থী দেওয়ান শহীদুল্লাহর সমর্থকদের সঙ্গে “বিদ্রোহী” প্রার্থী গাফফার তালুকদারের সমর্থকদের সংঘর্ষ হয়েছে শুনেছি। এখন তারা এই ঘটনার জন্য আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’

বিএনপি-সমর্থিত প্রার্থী শহীদুল্লাহ অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদ ও তাঁর দলের ক্যাডাররাই গাফফার তালুকদারের ওপর তারাই হামলা চালিয়েছে।’

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদ বলেন, ‘শহীদুল্লাহর লোকজন গাফফারের লোকজনের ওপর হামলা চালাচ্ছে। ওই দোষ দেওয়া হচ্ছে আমাদের। আমি বা আমার কর্মীরা কালকে বা কখনো হামলার সঙ্গে জড়িত ছিলাম না।’

জেলা রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, তাঁরা এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি।