পটুয়াখালী উপজেলা নির্বাচন: দুই প্রার্থীর অভিযোগ
আ.লীগ-সমর্থিত প্রার্থীর সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে
পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, প্রাণনাশের হুমকি, নির্বাচনী কার্যালয়ে এবং সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল শনিবার পটুয়াখালী প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. গোলাম সরোয়ার ও বিএনপি-সমর্থিত প্রার্থী মো. শাহাদাৎ হোসেন মৃধা এসব অভিযোগ করেন। আজ রোববার এই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
শাহাদাৎ হোসেন মৃধা লিখিত অভিযোগে বলেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. তারিকুজ্জামানের সন্ত্রাসী বাহিনী গত দুই দিন পটুয়াখালী পৌর শহরসহ পুরো উপজেলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই দুই দিনে সন্ত্রাসীরা তাঁর আটটি নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর করেছে। এ ছাড়া তারা বড়বিঘাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ছত্তার গাজীসহ তাঁর কমপক্ষে ২০ জন সমর্থককে গুরুতর আহত করেছে। এ ছাড়া তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়েছে।
বিএনপি-সমর্থিত ওই প্রার্থীর আগে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম সরোয়ার সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তারিকুজ্জামানের সন্ত্রাসী বাহিনী তাঁর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং অশ্লীল ভাষায় গালাগাল করে। সন্ত্রাসীরা তাঁকে ও তাঁর নির্বাচনী এজেন্টদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
সংবাদ সম্মেলনে দুই চেয়ারম্যান প্রার্থীই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মো. তারিকুজ্জামানের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শৈমেন্দ্র লাল চন্দ বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। তারিকুজ্জামানের পক্ষে সাধারণ মানুষের সমর্থন দেখে ভীত হয়ে ওই দুই চেয়ারম্যান প্রার্থী একই সুরে কথা বলছেন।
রিটার্নিং কর্মকর্তা পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।