সিলেটের বিয়ানীবাজার উপজেলায় প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে সবচেয়ে সম্পদশালী আওয়ামী লীগ-সমর্থিত আতাউর রহমান খান। ‘আইকম’ পাস আতাউর পোলট্রি খামারের ব্যবসায়ী। তাঁর বার্ষিক আয় দুই লাখ ছয় হাজার টাকা। ৩৭ লাখ ৮৫ হাজার টাকার সম্পদ রয়েছে।
সম্পদের বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ খছরুল হক। তাঁর বার্ষিক আয় দুই লাখ টাকা। তাঁর ২৩ লাখ ৯২ হাজার ৮৫৭ টাকার সম্পদ রয়েছে। জামায়াত-সমর্থিত মো. ফয়জুল ইসলামের আয় দুই লাখ ৮০ হাজার টাকা। তাঁর ১৫ লাখ ১০ হাজার টাকার সম্পদ রয়েছে। আওয়ামী লীগের আরেক ‘বিদ্রোহী’ প্রার্থী আবুল কাশেমের বার্ষিক আয় তিন লাখ ১৪ হাজার টাকা। তাঁর সাত লাখ ৫৭ হাজার টাকার সম্পদ রয়েছে। জাতীয় পার্টি-সমর্থিত আতাউর রহমানের কোনো আয় না থাকলেও সাত লাখ ৪৮ হাজার টাকার সম্পদ রয়েছে। বিএনপি-সমর্থিত মো. আবদুল মান্নানের বার্ষিক আয় এক লাখ টাকা। তাঁর তিন লাখ ১২ হাজার ৮৫৭ টাকার সম্পদ রয়েছে।
পেশা নেই, আয় লাখ টাকা: ভাইস চেয়ারম্যান পদে বিএনপির চারজন ও আওয়ামী লীগের দুজন ছাড়াও স্বতন্ত্র দুজন এবং একজন করে জামায়াত ও ‘উলামা মাশায়েখ’-সমর্থিত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ১০ জনের মধ্যে বিএনপির আবদুল করিমের হলফনামায় পেশার ঘর শূন্য থাকলেও বার্ষিক এক লাখ ১০ হাজার টাকা আয় করেন বলে উল্লেখ করেছেন। তাঁর এক লাখ ৫৫ হাজার টাকার সম্পদ রয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত আলমগীর হোসেনের আয় এক লাখ ১৫ হাজার টাকা এবং সাড়ে ১৩ লাখ টাকার সম্পদ রয়েছে।
উলামা মাশায়েখ-সমর্থিত শিব্বির আহমদের আয় এক লাখ ৯৩ হাজার টাকা। তাঁর পাঁচ লাখ ২০ হাজার ৫০০ টাকার সম্পদ রয়েছে। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মো. ফয়ছল আহমদের আয় এক লাখ ২০ হাজার টাকা। তাঁর দুই লাখ ৩০ হাজার টাকার সম্পদ রয়েছে। বিএনপি মিছবাহ উদ্দিনের আয় ৫০ হাজার টাকা এবং তাঁর ৩০ হাজার টাকার সম্পদ রয়েছে। বিএনপির নেতা ছিদ্দিক আহমদের আয় ৬৫ হাজার টাকা এবং তাঁর দেড় লাখ টাকার সম্পদ রয়েছে। জামায়াত-সমর্থিত মো. ফরিদ আহমদ আয়ের ঘরে কিছুই উল্লেখ না করলেও তাঁর ৩০ হাজার টাকার সম্পদ রয়েছে। বিএনপির মো. গিয়াস উদ্দিনের আয় ৬৫ হাজার টাকা এবং তাঁর এক লাখ ৪৫ হাজার টাকার সম্পদ রয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেনের আয় এক লাখ ৫৬ হাজার টাকা এবং তাঁর এক লাখ ১০ হাজার টাকার সম্পদ রয়েছে। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদের আয় পাঁচ লাখ ২০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদের তথ্য দেননি।