ঢাকা উত্তর: ওয়ার্ড—১৮: বারিধারা, কালাচাঁদপুর নর্দ্দা ও শাহজাদপুর
আ.লীগ-সমর্থিত ভাতিজা ও 'বিদ্রোহী' চাচার লড়াই

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে চাচা-ভাতিজার লড়াই জমে উঠেছে। দুজনই আওয়ামী লীগের রাজনীতি করেন। ভাতিজা জাকির হোসেন দলের সমর্থন পেয়েছেন। আর চাচা আফরোজ এ হাবীব ‘বিদ্রোহী’ প্রার্থী।
ওয়ার্ডটি ঘুরে চাচা-ভাতিজাকে পাল্লা দিয়ে প্রচার চালাতে দেখা গেছে। দুজনই পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও করছেন। আফরোজ এ হাবীব প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তাঁর ভাতিজা জাকির হোসেন ও তাঁর লোকেরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের কারণে এ ওয়ার্ডে মাদকের ছড়াছড়ি।
জাকির হোসেনের দাবি, এ অভিযোগ সত্য নয়। তিনি পাল্টা অভিযোগ করেন, তাঁর চাচা আফরোজের সঙ্গে নির্বাচনী প্রচারে জামায়াত ও হিযবুত তাহ্রীরের লোকেরা কাজ করছে।
এখানে আওয়ামী লীগের আরও তিনজন কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট নয়জন প্রার্থীর পাঁচজনই আওয়ামী লীগের। তবে মাঠে সক্রিয় আছেন ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন, তাঁর চাচা ঢাকা মহানগর (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ এ হাবীব ও ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন।
এখানে বিএনপির তিনজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন কাজী আবদুল লতিফ, রাবেয়া আলম ও শফিকুল ইসলাম। এঁদের মধ্যে কাজী আবদুল লতিফ বিএনপি-সমর্থিত প্রার্থী। এ তিনজনের কারও পোস্টার বা প্রচার চোখে পড়ার মতো নয়। যদিও আবদুল লতিফ দাবি করেন, তাঁর প্রচার-জনসংযোগ চলছে।

বারিধারা, কালাচাঁদপুর, নর্দ্দা ও শাহজাদপুর নিয়ে গঠিত ১৮ নম্বর ওয়ার্ড। এখানে মোট ভোটার ৩৬ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৫০৬ জন ও নারী ১৬ হাজার ৪৯২ জন। ওয়ার্ডের মোট ভোটের অর্ধেকের বেশি (২৩ হাজার) কালাচাঁদপুর এলাকায়। জাকির ও আফরোজের বাড়িও এখানে।
এ ওয়ার্ডের বারিধারা এলাকা যতটা চকচকে, ততটাই বিপরীত চিত্র অন্য এলাকাগুলোতে। কালাচাঁদপুর, শাহজাদপুর, খিলবাড়ীরটেক এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ রাস্তাই ভাঙা। মাদক, মশার উপদ্রব, ত্রুটিপূর্ণ নর্দমাব্যবস্থা এখানকার মানুষের মূল সমস্যা। প্রার্থীরাও সে সব সমাধানের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালাচ্ছেন।
শাহজাদপুর থেকে খিলবাড়ীরটেক হয়ে বয়ে যাওয়া খালটি দীর্ঘদিন ভরাট ছিল। তিন মাস আগে এটি সংস্কারের কাজ শুরু হয়। তবে স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, ঢিমেতালে কাজ চলায় তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত সোমবার খিলবাড়ীরটেকে রাস্তায় পানি জমে থাকতে দেখা গেল। এখানকার ব্যবসায়ী আফসার মিয়া বললেন, নর্দমার পানি উপচে এ অবস্থা। বর্ষার মৌসুম শুরুর আগেই এ দশা।
আচরণবিধি লঙ্ঘন: প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। মাত্রায় কম হলেও তাঁর চাচা আফরোজও আচরণবিধি ভাঙতে দেখা গেছে।
৩০ হাজার ভোটারের এলাকার জন্য একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা যায়। কিন্তু এ প্রতিবেদক ১৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি স্থানে জাকির হোসেনের সাতটি নির্বাচনী ক্যাম্প দেখেছেন। তাঁর নির্বাচনী কর্মী সাইফুল ইসলাম জানান, তাঁদের ২০-২৫টি নির্বাচনী ক্যাম্প রয়েছে।
অবশ্য আওয়ামী লীগের আরেক ‘বিদ্রোহী’ প্রার্থী কফিল উদ্দিন অভিযোগ করেন, জাকির হোসেনের ৪০-৪৫টা ক্যাম্প করা হয়েছে। অন্য প্রার্থীদের প্রচার চালাতে দিচ্ছে না। অন্যদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।
তবে জাকির হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পগুলো করেছে। আমি তো তাদের “না” করতে পারি না।’ ব্যানার লাগানো আচরণবিধির লঙ্ঘন। তা সত্ত্বেও কালাচাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ের ১০০ গজের মধ্যে জাকির হোসেনের দুটি বড় ব্যানারসহ মোট ছয়টি ব্যানার দেখা গেছে।
আফরোজ হাবিবও কম যান না। কালাচাঁদপুর ও শাহজাদপুর এলাকায় তাঁরও বেশ কিছু ব্যানার চোখে পড়েছে। চাচা-ভাতিজা দুজনই একাধিক মাইক নিয়ে প্রচার চালাচ্ছেন।