আ.লীগ-সমর্থিত শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গতকাল বুধবার আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তিনটি মোটরসাইকেল ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ সোবহান ও সম্পাদক মতিয়ার রহমানসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।জেএফসিএল ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে কারখানার আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ সোবহান ও সম্পাদক মতিয়ারের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বেলা ১১টার দিকে কারখানাসংলগ্ন কলোনির ফটকের সামনে সভাপতির সমর্থক হাফিজুর রহমান ও বাবর আলীকে মারধর করেন সম্পাদকের সমর্থকেরা। এর জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে সভাপতি ও সম্পাদকের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেলসহ শ্রমিক ইউনিয়নের কার্যালয়। খবর পেয়ে পুলিশ দুপুর একটার দিকে ঘটনাস্থলে গিয়ে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ সোবহান, সম্পাদক মতিয়ার রহমান ও তাঁদের কর্মী-সমর্থক নাজমুল হক, মহসিন মিয়া, জাহিদুল ইসলাম, সুরুজ মিয়া, আমির হোসেন, আবদুল আলিম, মাসুদ রানা ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা করে পুলিশ। কারখানা এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সরিষাবাড়ী থানাহাজতে সভাপতি শাহ সোবহান অভিযোগ করেন, ‘আমার দুই সমর্থককে সম্পাদকের সমর্থকেরা মারধর করেছে।’ অভিযোগ অস্বীকার করে সম্পাদক মতিয়ার রহমান বলেন, ‘আমার সমর্থকেরা কাউকে মারধর করেনি। পুলিশ অন্যায়ভাবে আমাকেসহ আমার আট সমর্থককে গ্রেপ্তার করেছে।’