আ.লীগ-সমর্থিতদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজার ঘেরাও করে গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগ-সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ব্যাংকে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। কয়েকটিতে অগ্নিসংযোগও করা হয়। দমকল বাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত প্রায় সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে।পুলিশ জানায়, মাগরিবের নামাজের পর গাছবাড়ি বাজারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল করার প্রস্তুতি নেন। আধা ঘণ্টা পর তিনটি খণ্ড খণ্ড মিছিল বাজারের চতুর্দিক ঘিরে রাখলে বাজারে অবস্থানকারী দলটি দোকানে অগ্নিসংযোগ শুরু করে। এ সময় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশ এলাকা থেকে আওয়ামী লীগ-সমর্থকেরা সমবেত হচ্ছেন দেখে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ২৫টি দোকান ভাঙচুর ও লুটপাট চালান। ব্যবসায়ীরা জানান, সেলিম আহমদের কাপড়ের দোকান ‘ঢাকা ফ্যাশন’, ফারুক আহমদের জুতার দোকান, আলাউর রহমানের সিমেন্টের দোকান, রণজিৎ রায়ের ওষুধের দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে গাছবাড়ি বাজারে অবস্থিত পূবালী ব্যাংকের শাখা এবং অন্তত ২৫টি দোকানপাট। চলে লুটপাটও। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী গাছবাড়ি বাজারে আসার আগেই অগ্নিসংযোগকারীরা বাজার এলাকা ত্যাগ করে। কানাইঘাট থানার ওসি মোহাম্মদ আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।