কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০১২-১৩) আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ নয়টি পদে এবং বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয়ী হয়েছে।গতকাল শুক্রবার সকাল নয়টায় ওই ফল ঘোষণা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আইনজীবী ভবনে একটানা ভোট গ্রহণ চলে। এতে ৮৫৩ জন ভোটারের মধ্যে ৭৩২ জন সদস্য ভোট দেন। নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন: সভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি (২) আয়েশা বেগম, কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ মজুমদার, গ্রন্থাগার সম্পাদক জাফর উল্লাহ ভূঁইয়া, আমোদ-প্রমোদ সম্পাদক ইলিয়াস মিন্টু; সদস্য নাজমা বেগম, মোহাম্মদ জামাল উদ্দিন, শাহিদা বেগম ও নজরুল ইসলাম।জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেন: সহসভাপতি (১) আবুল হাশেম, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, এনরোলমেন্ট সম্পাদক আবদুস সাত্তার, সহকারী এনরোলমেন্ট সম্পাদক কাজী মফিজুল ইসলাম; সদস্য ইকরাম হোসেন, আবু মুছা ভূঁইয়া ও আবুল কালাম।এদিকে, নির্বাচনের দিন সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুল মতিন খসরু এবং কুমিল্লা সিটি করপোরেশনের বিএনপিদলীয় মেয়র মনিরুল হক সাক্কু নিজ নিজ দলীয় প্রার্থীদের পক্ষে আদালত এলাকায় অবস্থান নিয়েছিলেন।