আ.লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির বিরুদ্ধে মামলা
দলীয় গঠনতন্ত্র-পরিপন্থী ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন তালুকদার ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ খালেদ মাহমুদসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ ও বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খন্দকার রেজাউল করিম গত ২৩ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। এতে উল্লেখযোগ্য আরও যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মো. জাফর আলী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল। আদালত বিবাদীদের সাত দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলা ও দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে উলিপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। গত জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ, সম্পাদক গোলাম হোসেনসহ একটি অংশ মহাজোটের প্রার্থীর বিপক্ষে ও স্বতন্ত্রপ্রার্থী ফুলু সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। এ কারণে ২০১০ সালের ১৫ মে জেলা কমিটি উপজেলা কমিটি ভেঙে দিয়ে আহসান হাবিবকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করে। কমিটিকে তিন মাসের মধ্যে সদস্য সংগ্রহ, সদস্য নবায়নসহ ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিল করার নির্দেশ দেয়। কিন্তু ১০ মাসেও সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন না করা, ইউনিয়ন পর্যায়ে রাসায়নিক সার ডিলার নিয়োগসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল জেলা কমিটি আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করে সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদারকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে। কমিটিকে দ্রুত ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিল গঠনের নির্দেশ দেওয়া হয়।স্থগিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আহসান হাবিব জানান, সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনতন্ত্রের পরিপন্থী হওয়ায় মামলা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন তালুকদার জানান, মামলা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আইনজীবীর মাধ্যমে জবাব দাখিলের প্রক্রিয়া চলছে।