পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পেছনে যাদের অবদান বেশি, তারা হলো আমাদের তরুণ প্রজন্ম ও নারীরা। তাদের নিয়েই শেখ হাসিনা সরকারের অনেক স্বপ্ন রয়েছে এবং সে লক্ষ্যে এ সরকার কাজ করে যাচ্ছে।’ চাঁদপুরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী গত শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও পুরানবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উন্মোচনের পর তিনি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সংগঠক মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী এবং সদর উপজেলার রামপুর ইউনিয়নের বদরখোলা মাঠে তাঁর বাবা ভাষাসৈনিক এম এ ওয়াদুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডগোপী দাস, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এস এম শফিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরী, মহিলা কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ তারিক উল্লা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ গাজী প্রমুখ।