আ.লীগ সাংসদের ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মন্জুরুল ইসলামের সর্বানন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। সর্বানন্দের পাশের বামনডাঙ্গা ইউপিতেও জয়ী হন বিএনপির প্রার্থী। এ নিয়ে সাংসদ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সুন্দরগঞ্জের ১২টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের পাঁচজন, বিএনপির দুজন ও স্বতন্ত্র পাঁচজন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হন। এর মধ্যে সাংসদের সর্বানন্দ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহাবুর রহমান ১ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পান ৫ হাজার ৬৪ ভোট। তাঁর নিকটতম অপর স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ৩ হাজার ৮৮৭ ভোট। এখানে আওয়ামী লীগের রফিকুল ইসলাম পান ১ হাজার ৫১০ ভোট। এই ইউনিয়নে ভোট পাওয়ার ক্ষেত্রে মোট নয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রফিকুল ষষ্ঠ স্থানে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা বলেন, সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া সর্বানন্দ ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে সাংসদের বাড়ি। অথচ তাঁর নিজের ইউনিয়নে দলীয় প্রার্থীর পরাজয়ে অনেক নেতা-কর্মী হতাশ। এর কারণ উল্লেখ করে ওই নেতা বলেন, গত বছরের ২ অক্টোবর সাংসদের গুলিতে এক শিশু আহত হয়। এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে সাংসদ মন্জুরুল দলীয় মেয়র প্রার্থী মনোনয়নে যে পাঁচজনের নাম কেন্দ্রে পাঠান, কেন্দ্রীয় কমিটি সেই পাঁচজনের নাম বাদ দিয়ে আবদুল্যাহ আল মামুনকে দলীয় মনোনয়ন দেয়। সাংসদের বিরোধিতার পরও আবদুল্যাহ আল মামুন বিপুল ভোটে বিজয়ী হন। এসব ঘটনায় এলাকায় সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ফলে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয় ঘটে।
পরাজিত দলীয় প্রার্থী রফিকুল ইসলাম দাবি করেন, ‘ইউনিয়নটি জামায়াত-অধ্যুষিত। ২০১৩ সালে সাঈদীর রায়ের খবর শুনে জামায়াত-শিবির চার পুলিশ হত্যাসহ সুন্দরগঞ্জে নাশকতা চালায়। ওই সময় মাহাবুর রহমানকে সাংসদের বামনডাঙ্গাস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর মামলার আসামি করা হয়। এ কারণে জামায়াত-বিএনপির ভোটও তিনি পান। এ ছাড়া স্থানীয় সাংসদ ও দল আমাকে সহায়তা করেনি। ফলে আমি পরাজিত হই।’
নির্বাচিত চেয়ারম্যান মাহাবুর রহমান দাবি করেন, ‘আমি গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তাই আমার প্রতিপক্ষ আক্রোশমূলক আমাকে ওই মামলায় আসামি করে। পরে অভিযোগপত্র থেকে আমার নাম বাদ দেওয়া হয়। এই ইস্যু নিয়ে এখনো আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
নিজের ইউনিয়নে দলীয় প্রার্থীর ভরাডুবি কেন জানতে চাইলে সাংসদ মন্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলীয় প্রার্থী এলাকায় থাকেন না। আগে থেকে জনসংযোগও করেননি। এই সুযোগে মাহাবুর রহমান নির্বাচিত হন।’
এদিকে সাংসদের পাশের বামনডাঙ্গা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা ৭ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শমেস উদ্দিন পেয়েছেন ৪ হাজার ২০৩ ভোট। দলীয় সূত্রে জানা যায়, এখানে ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি মজনু মিয়া ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম দলীয় প্রার্থী থাকতেও স্বতন্ত্র প্রার্থী হন। পরাজিত শমেস উদ্দিন বলেন, সাংসদের নানা কর্মকাণ্ডের কারণে এখানকার লোকজন ক্ষুব্ধ। এ ছাড়া এখানে তাঁর প্রতিপক্ষ শক্তিশালী। এসব কারণে আমার পরাজয় হয়েছে।’
এ প্রসঙ্গে সাংসদ মন্জুরুল বলেন, বিদ্রোহীদের কারণে ভোট ভাগাভাগি হওয়ায় বামনডাঙ্গায় দলীয় প্রার্থীর পরাজয় হয়েছে।