আ.লীগ সাংসদের ভাই স্বতন্ত্র প্রার্থী
চুয়াডাঙ্গার পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের সহোদর রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। অপর দিকে দর্শনা পৌরসভায় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাংসদ আলি আজগারের ছোট ভাই আলি মনসুর।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম জানান, মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়। রোববার সকাল ১০টা পর্যন্ত নির্ধারিত সময়ে ১০ জন মনোনয়নের জন্য আবেদন করেন। সদর পৌরসভায় বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ছাড়া আর কেউই আবেদন করেনি। দর্শনা, জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভায় একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় জেলা আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড সদস্যদের মতামতের ভিত্তিতে রোববার রাতে ঢাকায় পাঠায়।
দর্শনা পৌরসভায় মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী হিসেবে সাংসদ আলি আজগারের ভাই আলি মনসুর আবেদন করলেও চূড়ান্ত তালিকায় তাঁর নাম আসেনি। চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে। এতে আলি মনসুরের অনুসারী নেতা-কর্মীরা দর্শনায় দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ থেকে মতিয়ার রহমানকে বাদ দিয়ে আলি মনসুরকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। এ অবস্থায় আলি মনসুর স্বতন্ত্র প্রার্থী হিসেবেই গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম বলেন, দলীয় মনোনয়ন বিষয়ে গঠিত মনোনয়ন বোর্ডের সদস্যদের গোপন মতামতের ভিত্তিতেই জেলা থেকে তালিকা তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন বোর্ডও তালিকাটি অনুমোদন করেছে।
আলি মনসুর জানান, তৃণমূলকে অগ্রাহ্য করে জেলা কমিটি মতিয়ার রহমানকে মনোনয়ন দেওয়ার বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ মেনে নিতে পারেনি। দর্শনা পৌর আওয়ামী লীগের ৫৮ সদস্যের কমিটির ৩৮ জনই রেজল্যুশন করে তাঁকে ভোটে দাঁড়াতে বলেছেন।