বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া কালো টাকা নয়, সাদা টাকাই সাদা করেছেন। আওয়ামী লীগ কালো ও সাদা টাকার পার্থক্য বোঝে না বলেই খালেদা জিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে।গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এমন যুক্তি তুলে ধরা হয়। খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন বলে গত রোববার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের মন্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মাহবুবুল আলম হানিফের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘আমাদের নেত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন ও জনগণকে বিভ্রান্ত করতে হানিফ সাহেব এমন মিথ্যা তথ্য দিয়েছেন।’ খালেদা জিয়ার আইনজীবী ও উপদেষ্টা আহমেদ আজম খান বলেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালো ও সাদা টাকার তফাত না জানায় বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে টাকা সাদা করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর বিভিন্ন ব্যাংকে গচ্ছিত অপ্রদর্শিত অর্থের ওপর কর দিয়েছেন। ওই অর্থ কোনোভাবেই কালো টাকা নয়।" তিনি বলেন, কালো টাকা মানে উৎসবিহীন অর্থ। অপ্রদর্শিত অর্থ মানে অঘোষিত টাকা। এই দুটির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আওয়ামী লীগের নেতারা অযথা এ নিয়ে মিথ্যা অভিযোগ তুলে পানি ঘোলা করছেন। তিনি জানান, এসআরও-৯৮ এর আওতায় ২০০২-০৩ অর্থবছর থেকে ২০০৬-০৭ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী তাঁর অপ্রদর্শিত অর্থের ওপর কর দিয়েছেন। এর মধ্যে আছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পেনশন ও গ্র্যাচুইটি বাবদ সরকার থেকে পাওয়া ১০ লাখ টাকা। এ ছাড়া এফডিআর হিসেবে বিভিন্ন ব্যাংকে গচ্ছিত টাকা যা গুলশানে সরকারি বরাদ্দের বাড়িভাড়া থেকে পাওয়া। প্রশ্নের জবাবে আহমেদ আজম বলেন, ‘ব্যাংকে অর্থ থাকলে তা থেকে বছর শেষে ১০ ভাগ হারে কর কেটে নেওয়া হয়। কিন্তু ওই অর্থ ঘোষণা করে আলাদাভাবে কর দেওয়ার বিধানটি নেত্রী জানতেন না বলেই তা দীর্ঘসময় অপ্রদর্শিত অর্থ হিসেবে গচ্ছিত ছিল। একে কোনোভাবেই কালো টাকা বলা যাবে না।’ রাজস্ব বোর্ড থেকে খালেদা জিয়ার আয়করের হিসাব প্রকাশ করে সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ করেন আহমেদ আজম। তবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দেওয়া বছরওয়ারি হিসাবটি সঠিক বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।